ক্রাইম ব্লক

ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, আন্তঃরাজ্য ডাকাত চক্রের হদিস বলরামপুরে, ধৃত ৫, পলাতক ২

ডাকাত দলকে অস্ত্র সহ পাকড়াও করল বলরামপুর থানার পুলিশ। পুলিশের অতর্কিত অভিযানে ভেস্তে গেছে অপরাধীদের সমস্ত পরিকল্পনা। উদ্ধার হয়েছে প্রচুর দেশীয় অস্ত্র ও একটি চারচাকা গাড়ি।
ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, আন্তঃরাজ্য ডাকাত চক্রের হদিস বলরামপুরে, ধৃত ৫, পলাতক ২


 

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :

বড়সড় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া এক সশস্ত্র ডাকাত দলকে অস্ত্র সহ পাকড়াও করল বলরামপুর থানার পুলিশ। পুলিশের অতর্কিত অভিযানে ভেস্তে গেছে অপরাধীদের সমস্ত পরিকল্পনা। উদ্ধার হয়েছে প্রচুর দেশীয় অস্ত্র ও একটি চারচাকা গাড়ি।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে বলরামপুর থানার শালবনি এলাকায় একদল দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে । খবর পাওয়া  মাত্রই বলরামপুর থানার পুলিশ বাহিনী ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। পুলিশের গাড়ি এলাকায় পৌঁছাতেই অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে ২ জন দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হলেও, পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে বাকি ৫ জনকে ধরে ফেলে।

ধৃতদের নাম, নজরুল মীর,শাহনওয়াজ খান, মইন আনসারি ও শেখ সোয়েব।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতদের মধ্যে ৪ জন প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের চান্ডিলের বাসিন্দা এবং ১ জন পুরুলিয়া জেলারই ঝালদার বাসিন্দা। আন্তঃরাজ্য এই চক্রটি এলাকায় কোনো বড়সড় অপরাধ ঘটানোর লক্ষ্যেই জমায়েত হয়েছিল বলে অনুমান করছে পুলিশ । ধৃতদের ও তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করেছে ২টি চপার ,১টি ছুরি, ১টি হকি স্টিক,৫টি মোবাইল ফোন ও ধূসর রঙের চারচাকা গাড়িটি। 
পলাতক বাকি ২ জন দুষ্কৃতীর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে বলরামপুর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের জেলা আদালতে তোলা হলে বিচারক তিনজনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বাকি দুজনের জেল হেফাজত হয়। এই চক্রটির সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং এর আগে তারা এলাকায় কোনো অপরাধ ঘটিয়েছে কি না, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।