নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
রাতের অন্ধকারে গুদাম থেকে ভোজ্য তেল চুরির অভিযোগ উঠল। পুরুলিয়া শহরের তেলকল পাড়ার এই ঘটনায় একজনকে গ্রেফতার করল পুরুলিয়া সদর থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম সুমিত বাউরি। তার বাড়ি পুরুলিয়া শহরের তেলকল পাড়ার লোহার পাড়ায়। ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
বুধবার পুরুলিয়া শহরের এক ভোজ্যতেল কোম্পানির মালিক সদর থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি চুরির অভিযোগ দায়ের করেন । অভিযোগে তিনি পুলিশকে জানান,গত সোমবার রাতে তার গুদামে দুষ্কৃতীরা ঢুকে ১৫ কেজির ২৪৭টি টিন সহ ৩১ ব্যারেল তেল চুরি করে। গোটা ঘটনাই সিসি ক্যামেরায় ধরা পড়েছে। এই ঘটনায় তদন্ত নেমে সুমিতকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় বেশ কয়েকজন যুক্ত ছিল বলে পুলিশ জানতে পেরেছে । তাদের খোঁজ শুরু হয়েছে।