নিজস্ব প্রতিনিধি, পাড়া ও পুরুলিয়া :
দেশ জুড়ে পালিত হচ্ছে ৮০-তম স্বাধীনতা দিবস। সেই আনন্দের রেশ ছুঁয়ে গিয়েছে পুরুলিয়ায়।
শনিবার এই দিনটি উদযাপনে জেলার বিভিন্ন প্রান্তে নানা সরকারি, বেসরকারি, অরাজনৈতিক কর্মসূচিতে দেশের পতাকা উত্তোলন হয়।
পাড়া ব্লকের অন্তর্গত সাঁওতালডিহি বিএমএস কার্যালয়ে এক বিশেষ গরিমাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের পূর্ত এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের প্রতিমন্ত্রী নদীয়ারচাঁদ বাউরি। স্বাধীনতা সংগ্রামের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, "দেশের অখণ্ডতা ও প্রগতির স্বার্থে আমাদের সকলকে একযোগে কাজ করে যেতে হবে"। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ ও কর্মীদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য আবহ তৈরি হয়।
অন্যদিকে পুরুলিয়া জেলা বিজেপি কার্যালয়েও সাড়ম্বরে পালিত হয় দেশের ৮০-তম স্বাধীনতা দিবস। দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। জাতীয় পতাকা উত্তোলনের পর দেশাত্মবোধক বক্তব্যের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের বলিদানকে স্মরণ করা হয়। উপস্থিত সদস্য-সমর্থকদের মধ্যে হয় মিষ্টি মুখ।