রাজনীতি টুকরো খবর

মুখ্যমন্ত্রীর কাছে কাঁটাবেড়া নদী ঘাটে সেতুর দাবি বিধায়কের, দিন বদলের স্বপ্ন এলাকার মানুষের

বলরামপুর বিধানসভার বিজেপি বিধায়ক জলধর মাহাতো মুখ্যমন্ত্রীর কাছে পুরুলিয়া ১নং ব্লকের কাঁটাবেড়াতে কংসাবতী নদীর উপর সেতু নির্মাণের আবেদন জানান। আর বিধায়ক সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে সেতু নির্মাণের আবেদন করায় নতুন করে আশার আলো দেখছেন বলরামপুর, জয়পুর ও বাঘমুন্ডি বিধানসভার প্রায় ৫০ হাজার মানুষ।
মুখ্যমন্ত্রীর কাছে কাঁটাবেড়া নদী ঘাটে সেতুর দাবি বিধায়কের, দিন বদলের স্বপ্ন এলাকার মানুষের

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

কাঁটাবেড়া সেতুর কথা উঠে এলো মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠকে। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর পশ্চিমাঞ্চলের ৫ জেলাকে নিয়ে প্রথম প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে  অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ৫ জেলার সাধারণ ও পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিক, বিডিও এবং ওসি-আইসির পাশাপাশি নবনির্বাচিত বিধায়ক ও সাংসদরা। সেখানেই বলরামপুর বিধানসভার বিজেপি বিধায়ক জলধর মাহাতো  মুখ্যমন্ত্রীর কাছে পুরুলিয়া ১নং ব্লকের কাঁটাবেড়াতে কংসাবতী নদীর উপর সেতু নির্মাণের আবেদন জানান। আর বিধায়ক সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে সেতু নির্মাণের আবেদন করায় নতুন করে আশার আলো দেখছেন বলরামপুর, জয়পুর ও বাঘমুন্ডি বিধানসভার প্রায় ৫০ হাজার মানুষ।

প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে এই ঘাটে সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। সেতুর শিলান্যাস করেছিলেন তৎকালীন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো। এই এলাকায় তাঁর নিজের বাড়ি। কিন্তু এক বছর দ্রুত গতিতে কাজ চলার পর মাঝপথে থমকে যায় সেতু তৈরির কাজ। তারপর থেকেই নদীর দুপ্রান্তের মানুষ 'সেতু নির্মাণ সংগ্রাম কমিটি' গঠন করে প্রশাসনের বিভিন্ন জায়গায় দরবার করেছেন।  কিন্তু সেতুর কাজ আর এগোয়নি । সেতুর কাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় এলাকায় মানুষ ক্ষোভে ফেটে পড়েন। যার প্রভাব পড়েছিল ২০২১ সালে বিধানসভা নির্বাচনে। সামান্য ভোটের ব্যবধানে হারতে হয়  তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতোকে। এলাকার মানুষের অভিযোগ ছিল, সেই সময় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী ছিলেন শান্তিরাম মাহাতো । কিন্তু পুনরায় সেতু তৈরির বিষয়ে কোনো উদ্যোগ নেননি তিনি। ২০২৬ নির্বাচনে পুনরায় বলরামপুর বিধানসভা কেন্দ্রে শান্তিরাম মাহাতোকে প্রার্থী করেন তৃণমূল কংগ্রেস। আবারও  নির্বাচনী ইস্তাহারে এই ঘাটে সেতু তৈরির প্রতিজ্ঞা করেন তিনি। কিন্তু সেই প্রতিজ্ঞায় আর বিশ্বাস করেননি এলাকার মানুষ। ২০২৬ নির্বাচনে আবার হেরে যান শান্তিরাম।

বলরামপুর বিধানসভার বিজেপি বিধায়ক জলধর মাহাতো বলেন," মুখ্যমন্ত্রীর কাছে এই ঘাটে সেতু নির্মাণের দাবি জানিয়েছে। মুখ্যমন্ত্রী বিষয়টি লিখিত আকারে জানানোর কথা বলছেন। এই ঘাটে আমরা সেতু নির্মাণ করবোই। "

বিধায়কের এই বার্তার পরেই এলাকায় খুশির হাওয়া। 'সেতু নির্মাণ সংগ্রাম কমিটি'র অন্যতম সদস্য মধুসূদন মাহাতো, চিত্তরঞ্জন মাহাতো বলেন, "কাঁটাবেড়া কংসাবতী নদীঘাটে সেতুর দাবি দীর্ঘদিনের ।২০১৬ সালে সেতুর কাজ শুরু হলেও, মাঝপথে থমকে যায়। আমাদের বিধায়ক, মুখ্যমন্ত্রীর কাছে সেতুর আবেদন করায় আশার আলো দেখতে পাচ্ছি।"