সাধারণ খবর শহর

মহারাষ্ট্রে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক নিখোঁজ, দানা বাঁধছে রহস্য

নিখোঁজ শ্রমিকের নাম বিকাশ নন্দী(৩২) । তার বাড়ি পুরুলিয়ার নামোপাড়ার গোকুল নন্দী লেনে । প্রায় ২০ দিন পেরিয়ে গেলেও খোঁজ নেই । তারপর থেকেই উদ্বেগের সঙ্গে দিন গুনছে পরিযায়ী শ্রমিকের পরিবার ।
মহারাষ্ট্রে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক নিখোঁজ, দানা বাঁধছে রহস্য

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পেটের টানে ভিন্ রাজ্যে কাজ করতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনক ভাবে নিখোঁজ পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিক । নিখোঁজ শ্রমিকের নাম বিকাশ নন্দী(৩২)  । তার বাড়ি পুরুলিয়ার নামোপাড়ার গোকুল নন্দী লেনে । প্রায় ২০ দিন পেরিয়ে গেলেও খোঁজ নেই । তারপর থেকেই উদ্বেগের সঙ্গে দিন গুনছে পরিযায়ী শ্রমিকের পরিবার । ইতিমধ্যেই বিষয়টি পুরুলিয়া জিআরপি থানায় জানিয়েছে তারা।
পরিবার সূত্রে জানা গিয়েছে , গত  ছয় মাস আগে মহারাষ্ট্রের মুম্বাইয়ের সোনালি থানা এলাকার ভিমানালি অঞ্চলের একটি কাপড় কারখানায় কাজ করতে যান বিকাশ নন্দী। গত ২২ এপ্রিল রাতে কল্যাণ স্টেশন থেকে ট্রেনে চেপে বাড়ি ফেরার কথা ছিল তার। সেদিন সন্ধ্যা ৬টা নাগাদ পরিবারের সঙ্গে ফোনে কথা হয় বিকাশের। এরপর তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায় । তিনদিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না মেলায় তার পরিবার বিষয়টি পুরুলিয়া জিআরপি থানায় জানায় । এরপর ২৭ এপ্রিল অন্য আরেকটি অজানা নম্বর থেকে স্ত্রীকে ফোন করেন বিকাশ। তবে ঠিকমতো কথা হওয়ার আগেই ফোন কেটে যায়। তারপর থেকে বিকাশের আর কোনও খোঁজ পাওয়া যায়নি । পেরিয়ে গিয়েছে এক একটা করে ২০ টি দিন।
বিকাশের পরিবারে রয়েছেন বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও এক কন্যা সন্তান। স্ত্রী স্নেহলতা নন্দী একটি পলিক্লিনিকে কাজ করে কোনওরকমে সংসার চালান।  নিখোঁজ পরিযায়ী শ্রমিককের স্ত্রী স্নেহলতা নন্দী বলেন, " স্বামীর কোনও খোঁজ না মেলায় উদ্বেগ ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছি। প্রশাসনের কাছে আবেদন দ্রুত উদ্যোগ নিয়ে স্বামীকে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনা হোক।"