নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুরুলিয়ার স্কুলগুলিতে মিড-ডে মিল সরবরাহের ব্যবস্থায় বড় বদলের ইঙ্গিত। প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ প্রকল্পের আওতায় ‘সিঙ্গল উইন্ডো মেগা কিচেন’-এর মাধ্যমে রান্না করা খাবার সরবরাহের জন্য অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে অনুমোদন দিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। ইসকন এই ফাউন্ডেশনের পরিচালক।
২১ আগস্টের সরকারি চিঠিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে ১১ জুলাই দেওয়া সংস্থার প্রস্তাব বিবেচনা করে এই অনুমোদন। অনুমোদিত ছয়টি এলাকা ও জেলার তালিকায় রয়েছে পুরুলিয়া। উত্তর ২৪ পরগনার বিধাননগর, দমদম ও রাজারহাট, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-১ ও ২ও রয়েছে তালিকায়।
সরকারি নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রথমে ‘লেটার অব অ্যাওয়ার্ড’ এবং তার পরে মউ স্বাক্ষর করতে হবে। পুরুলিয়ার জেলাশাসক-সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুরুলিয়া এসে বিষয়টি প্রশাসনিক সভা থেকে বলেও ছিলেন। তারপরই এই চিঠি।
তবে কতগুলি স্কুল এই ব্যবস্থার আওতায় আসবে, কোথায় মেগা কিচেন হবে বা কবে থেকে খাবার সরবরাহ শুরু হবে, তা এখনও জানানো হয়নি। লেটার অব অ্যাওয়ার্ড ও মউ সম্পাদনের পরেই এ বিষয়ে স্পষ্টতা আসবে বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল।