নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
আকাশে ঘুরছে ড্রোন, আর মাটিতে সতর্ক নজর বন্দুকধারী জওয়ানদের। ড্রোন প্রযুক্তির সাহায্য নিয়ে পাহাড় আর বনাঞ্চলের খাঁজে খাঁজে বেআইনি পোস্ত চাষের ঠেক খুঁজে বের করতে এবার অভিযান শুরু করল পুরুলিয়া জেলা পুলিশ। বাঘমুণ্ডি থানার প্রত্যন্ত গ্রামগুলিতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে চালানো হলো জোরদার যৌথ টহল।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বাঘমুণ্ডি থানার অন্তর্গত হেঁসাডি, গন্ধুডি, কুসুমটিকরি ও পিটিদিরির মতো দুর্গম গ্রামগুলিতে হানা দেয় যৌথ বাহিনী। সমতল থেকে শুরু করে পাহাড়ের ঢাল কোথাও যেন বেআইনি পোস্ত গাছ লুকিয়ে না থাকতে পারে, তার জন্য চালানো হয় আকাশপথে নজরদারি। পুলিশের তৈরি ড্রোন ক্যামেরা চারপাশের সন্দেহজনক এলাকাগুলোর ছবি ও ফুটেজ তুলে ধরে বাহিনীর হাতে।
আগের মতো শুধু লাঠি বা বাহিনী নিয়ে তল্লাশি নয়, এবার প্রযুক্তিকে ঢাল বানিয়ে পোস্ত কারবারিদের কোমর ভেঙে দেওয়ার কৌশল নিয়েছে জেলা পুলিশ। দুর্গম বনাঞ্চলে লুকিয়ে রাখা খেতগুলো চিহ্নিত করতে এই ড্রোন প্রযুক্তি নতুন গতি এনে দিয়েছে অভিযানে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই অঞ্চলে যেকোনো ধরনের বেআইনি চাষ বা মাদকের কারবার সম্পূর্ণ নির্মূল করতেই এই কড়া পদক্ষেপ। এমন অভিযান অব্যাহত থাকবে।