নিজস্ব প্রতিনিধি,জয়পুর:
জেলায় অবৈধ গ্যাস কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। সোমবার পুরুলিয়া জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক এবং পুলিশ বাহিনী যৌথভাবে গড় জয়পুর এলাকার একটি দোকানে আকস্মিক অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অবৈধ এলপিজি সিলিন্ডার এবং গ্যাস রিফিলিংয়ের বিপজ্জনক সরঞ্জাম। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দোকানের মালিক বিকাশ দাসকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গড় জয়পুরের বাসিন্দা বিকাশ দাসের দোকানে হানা দেয় পুরুলিয়া ডিইবি এবং স্থানীয় পুলিশ বাহিনী। তল্লাশি চালিয়ে দোকানটি থেকে উদ্ধার হয় তিনটি ভর্তি এইচপি গ্যাস সিলিন্ডার, ১০টি খালি এইচপি সিলিন্ডার, ন’টি ভর্তি ইন্ডেন গ্যাস সিলিন্ডার, চারটি খালি ইন্ডেন সিলিন্ডার এবং একটি খালি বাণিজ্যিক ইন্ডেন গ্যাস সিলিন্ডার। স্থানীয়ভাবে তৈরি ছোট গ্যাস সিলিন্ডার। এ ছাড়াও একটি ইলেকট্রনিক ওজন মাপার যন্ত্র, এলপিজি গ্যাস এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে স্থানান্তরের কাজে ব্যবহৃত এসি মোটর-সংযুক্ত একটি পাম্প উদ্ধার হয়েছে।
পুলিশি জেরা করায় অভিযুক্ত বিকাশ দাস এই বিপুল পরিমাণ সিলিন্ডার ও সরঞ্জাম রাখার বা ব্যবসা চালানোর কোন লাইসেন্সই দেখাতে পারেননি।
এর পরেই পুরুলিয়া ডিইবি-র সাব-ইন্সপেক্টর সুনীল কুমার মুদি সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেন। একই সঙ্গে আইন অমান্য ও বিপজ্জনকভাবে এলপিজি মজুত রাখার অভিযোগে বিকাশ দাসকে আটক করা হয়। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। এই চক্রের সাথে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।