পর্যটন ব্লক

পদ্মার ইলিশে মিশবে অযোধ্যা পাহাড়ের মশলা! শুরু জমজমাট ইলিশ উৎসব

প্রাকৃতিক সৌন্দর্য, মেঘ-পাহাড়ের লুকোচুরি আর তার সাথে প্লেটে ধোঁয়া ওঠা মানভুঁইয়া ধাঁচের ইলিশ‌— সব মিলিয়ে এই বর্ষায় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়।
পদ্মার ইলিশে মিশবে অযোধ্যা পাহাড়ের মশলা! শুরু জমজমাট ইলিশ উৎসব

 


সুইটি চন্দ্র, অযোধ্যা:

বর্ষার মেঘে ঢাকা পাহাড় বলতেই বাঙালির চোখে ভেসে ওঠে উত্তরবঙ্গ। কিন্তু পর্যটন পরিকাঠামোর ভোলবদল করে এবার দার্জিলিংকে টক্কর দিতে প্রস্তুত রাঢ়বঙ্গের অযোধ্যা পাহাড়। আর এই মনসুন ট্যুরিজমে পর্যটকদের মন জয় করতে এবার হাতিয়ার করা হচ্ছে বাঙালির চিরকালীন আবেগ ইলিশ মাছকে। তবে কোনো চেনা ছকে নয়, সম্পূর্ণ এক নতুন এক্সপেরিমেন্টাল অ্যাঙ্গেল থেকে ইলিশকে পরিবেশন করতে চলেছে অযোধ্যা হিলটপের রাজ্য পর্যটন বিভাগের লিজ প্রাপ্ত চারতারা রিসর্ট কুশল পল্লী।

১০ জুলাই থেকে রিসর্টটিতে শুরু হচ্ছে হিলস অফ ইলিশ উৎসব। চলবে ১০ আগস্ট পর্যন্ত । যেখানে পদ্মার ইলিশের সাথে মেলবন্ধন ঘটবে পুরুলিয়ার জঙ্গলমহল ও উপজাতীয় সংস্কৃতির।
রিসর্ট কর্তৃপক্ষের মূল লক্ষ্য হলো, আধুনিক বিলাসিতার মধ্যেও পর্যটকদের প্রকৃতির একেবারে কাছাকাছি নিয়ে যাওয়া। এখানে শুধু জিভের স্বাদবদলই নয়, খাওয়া-দাওয়ার সাথে জুড়ে দেওয়া হয়েছে এক অভিনব শিক্ষামূলক ও সাংস্কৃতিক অভিজ্ঞতা। রিসর্টের পরিবেশকরা শুধু খাবার পরিবেশনই করবেন না, টেবিলে দাঁড়িয়ে শোনাবেন ইলিশের বিবর্তনের ইতিহাস ও এর পুষ্টিগুণ।


কুশল পল্লীর জেনারেল ম্যানেজার  সুদীপ্ত কুমার জানান, "কলকাতা বা শহরের ইলিশ উৎসবের চেনা ধাঁচ থেকে আমরা বেরোতে চেয়েছি। আমাদের নিজস্বতা লুকিয়ে আছে এখানকার উপজাতীয় ও মানভুঁইয়া সংস্কৃতিতে। পাহাড়ের নিজস্ব মশলা ও রান্নার ঘরানাকে ব্যবহার করে আমরা ইলিশের এক অনন্য অভিজ্ঞতা দেব। কর্মীরা পরিবেশনের পাশাপাশি গল্পচ্ছলে জানাবেন কীভাবে মাটির পাত্রে রান্না ও কলাপাতায় পরিবেশনের ফলে খাবারের পুষ্টিগুণ বাড়ে। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই মাছ কীভাবে হৃদযন্ত্র ভালো রাখে, সেই বৈজ্ঞানিক তথ্যও সহজ ভাষায় তুলে ধরা হবে পর্যটকদের কাছে।"

কুশল পল্লীর এক্সিকিউটিভ শেফ রাধাশ্যাম বেরা‌ বলেন, "আমরা বাজারের সাধারণ সর্ষে ব্যবহারই করছি না। এই অযোধ্যা পাহাড়ের বুকেই যে সর্ষের ফলন হয়, তা দিয়েই তৈরি হবে পদগুলো। মাটির পাত্রে খাঁটি উপজাতীয় ও মানভুঁইয়া ঢঙে রান্না করা এই ইলিশের স্বাদ শহরের মানুষ আগে কখনো পাননি।"

প্রাকৃতিক সৌন্দর্য, মেঘ-পাহাড়ের লুকোচুরি আর তার সাথে প্লেটে ধোঁয়া ওঠা মানভুঁইয়া ধাঁচের ইলিশ‌— সব মিলিয়ে এই বর্ষায় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়।