নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
কোটি কোটি টাকার টেন্ডার বেনিয়মের অভিযোগ! পুরুলিয়া জেলা পরিষদের কোন কোন ঠিকাদারের মাথায় ঝুলছে ব্ল্যাকলিস্টের খাঁড়া? পুরুলিয়া জুড়ে রাস্তার টেন্ডার ঘিরে নথিতে কারচুপির অভিযোগ!৮৬টি রাস্তার প্রকল্পে পুরুলিয়া জেলা পরিষদের প্রায় ৬ কোটি ৭১ লক্ষ টাকার বেনিয়ম। এমন অভিযোগ সামনে আসতেই একসঙ্গে ১৪ জন ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু। বাতিল ৯টি কাজের ওয়ার্ক অর্ডার। জেলাশাসকের কাছে অভিযোগ, বিভাগীয় তদন্ত এবং তারপরেই প্রশাসনের এই কড়া পদক্ষেপ ঘিরে জেলায় জোর চর্চা ।
চলতি ২৬-২৭ আর্থিক বছরে গত ২১ সেপ্টেম্বর পুরুলিয়া জেলা পরিষদের তরফে ৬ কোটি ৭১ লক্ষ টাকার ৮৬টি রাস্তার প্রকল্পের টেন্ডার করা হয়। অভিযোগ, ওই টেন্ডারে কয়েকজন ঠিকাদার তাঁদের কাজের অভিজ্ঞতার প্রমাণ হিসেবে জমা দেওয়া ক্রেডেনশিয়ালে কারচুপি করেন। বিষয়টি নিয়ে পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্তমের কাছে অভিযোগ জমা পড়তেই শুরু হয় বিভাগীয় তদন্ত। তদন্তে বেনিয়মের অভিযোগ সামনে আসার পরই অভিযুক্ত ঠিকাদারদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয় জেলা পরিষদ। ইতিমধ্যেই ১৪ জন ঠিকাদারকে শো-কজ করেছিল জেলা পরিষদ। চলতি মাসের ১৭ তারিখ তাঁদের নোটিশ পাঠিয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। জেলা পরিষদ সূত্রে খবর, অধিকাংশ ঠিকাদার নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে পারেননি। যাঁরা জবাব দিয়েছেন, তাঁদের বক্তব্যও সন্তোষজনক বলে মনে হয়নি কর্তৃপক্ষের।
৮৬টি প্রকল্পের মধ্যে ৬১টি কাজের ওয়ার্ক অর্ডার ইতিমধ্যেই ইস্যু করা হয়েছিল। তদন্তে বেনিয়মের অভিযোগ ওঠা ৯টি কাজের ওয়ার্ক অর্ডার বাতিল করেছে জেলা পরিষদ। ওই প্রকল্পগুলিতে ফের টেন্ডার করা হবে। বাকি ঠিকাদারদের জমা দেওয়া ক্রেডেনশিয়ালের সত্যতা যাচাই করতেও উদ্যোগী জেলা পরিষদ। সেচ, পূর্ত, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ, বিদ্যুৎ-সহ একাধিক দফতরে চিঠি পাঠানো হয়েছে। টেন্ডারে বেনিয়ম ঠেকাতে জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং বিভাগকেও সতর্ক করে নথি একাধিকবার যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। পুরুলিয়া জেলা বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত ঠিকাদাররা বেনিয়মের চেষ্টা করেছিলেন। নতুন সরকারের জিরো টলারেন্স নীতিতে এবার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি, তৃণমূল জমানায় ঠিকাদারদের কাটমানি লেনদেন নিয়েও খোঁজখবর শুরু করেছে বিজেপি। দলের দাবি, সেই অনুসন্ধানে কয়েকজনের নাম উঠে এসেছে।