নিজস্ব প্রতিনিধি,ঝালদা:
পরিত্যক্ত একটি ভবনকে ঘিরে সন্দেহজনক গতিবিধির সূত্র ধরে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর ,ধৃতের কাছ থেকে একটি দেশি পাইপগান উদ্ধার হয়েছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ঝালদা থানার অন্তর্গত তুলিন আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর প্রতাপ চন্দ্র ওঝা এবং তুলিন আউটপোস্টের পুলিশকর্মীরা বুড়িবীর এলাকায় অভিযান চালান। একসময় লেপ্রসি মিশন সেন্টার হিসেবে ব্যবহৃত একটি পরিত্যক্ত ভবনের ভেতর থেকে সন্দেহজনক অবস্থায় মহম্মদ বেলাল (৩২) নামে এক যুবককে আটক করা হয়। ধৃতের বাড়ি ঝালদা থানার অন্তর্গত তুলিন গ্রামের লক্ষ্মীমেলায় ।
তল্লাশি চালিয়ে ওই যুবকের কাছ থেকে একটি দেশি পাইপগান উদ্ধার হয় বলে দাবি পুলিশের। এর পরেই আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে বেলালকে গ্রেফতার করা হয়। পুলিশের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে।
শুক্রবার ধৃতকে আদালতে তোলা হচ্ছে। অস্ত্রটি কোথা থেকে আনা হল, কী উদ্দেশ্যে তা মজুত করা হয়েছিল এবং এর নেপথ্যে কোনও চক্র সক্রিয় কি না— তা জানতে ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।