নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
চোলাইয়ের বিরুদ্ধে তৃতীয় দিনেও জারি জেলা পুলিশ ও আবগারি দফতরের যৌথ অভিযান। বেআইনি চোলাই ও মদের কারবার রুখতে এ বার সরাসরি কারবারিদের ডেরায় গিয়ে হানা দিল পুলিশ ও আবগারি দফতর। জেলার বিভিন্ন প্রান্তে ধারাবাহিক ও যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোলাই, মদ তৈরির উপকরণ এবং চোলাই তৈরির পচানো উপকরণনষ্ট করা হয়েছে। শুক্রবার জেলা জুড়ে চলা বিশেষ অভিযানে ১০টি নির্দিষ্ট মামলা রুজু হওয়ার পাশাপাশি ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বরাবাজার, পাড়া, জয়পুর ও নিশ্চিন্তপুরের মতো এলাকায় আলাদা আলাদা তল্লাশিতে উদ্ধার হওয়া চোলাই ও উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবারের বিশেষ অভিযানে জেলা জুড়ে মোট ১,২৪০ লিটার অবৈধ চোলাই মদ বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে। এ ছাড়াও আরও ৯৩.২ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং প্রায় ১৩,৮১০ লিটার ‘ফার্মেন্টেড ওয়াশ’ নষ্ট করা হয়েছে।
শুক্রবার বরাবাজার থানা এলাকায় আবগারি দফতরের সঙ্গে যৌথ অভিযানে নামে পুলিশ। বাসুদেবপুর, ভালুকডুংরি এবং শালগাতি গ্রামে চলা ওই তল্লাশিতে প্রায় ৫০ লিটার চোলাই মদ ও ৬০০ লিটার চোলাই ওয়াশ নষ্ট করা হয়। পাশাপাশি, বেআইনি মদ তৈরির একাধিক সরঞ্জাম ও উপকরণও ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
অন্য দিকে, পাড়া থানা এলাকায় আবগারি দফতরের সমন্বয়ে চালানো যৌথ অভিযানে প্রায় ৭০ লিটার চোলাই মদ এবং ২০০ লিটার ফার্মেন্টেড ওয়াশ বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে। একই ছবি ধরা পড়েছে জয়পুর থানা এলাকাতেও। সেখানে পুলিশ ও আবগারির যৌথ হানায় প্রায় ৫০ লিটার চোলাই মদ এবং ১,০০০ লিটার ফার্মেন্টেড ওয়াশ ধ্বংস করা হয়। এ ছাড়া, নিশ্চিন্তপুর গ্রামে চালানো অভিযানে প্রায় ৫০০ লিটার চোলাই মদ এবং ১,২০০ লিটার ফার্মেন্টেড ওয়াশ বাজেয়াপ্ত করে নষ্ট করেছে পুলিশ।
জেলা পুলিশ ও আবগারি দফতরের তরফে জানানো হয়েছে, বেআইনি মদ ও চোলাইয়ের উৎপাদন, মজুত এবং বিক্রি রুখতে এই অভিযান লাগাতার চলবে। কারবারিদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।