ক্রাইম ব্লক

বাজারে দাম বাড়ছে কেন? খাদ্য দফতর ও পুলিশকে নিয়ে আদ্রায় পরিদর্শনে বিডিও

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর হঠাৎ মূল্যবৃদ্ধির অভিযোগে শুক্রবার আদ্রা নর্থ সাইড বাজার এলাকায় বিশেষ অভিযান চালাল প্রশাসন ও পুলিশ। কাশিপুর ব্লকের বিডিও, ফুড ইনস্পেক্টর এবং আদ্রা থানার পুলিশের যৌথ উদ্যোগে এই তল্লাশি চালানো হয়।
বাজারে দাম বাড়ছে কেন? খাদ্য দফতর ও পুলিশকে নিয়ে আদ্রায় পরিদর্শনে বিডিও

 

নিজস্ব প্রতিনিধি,আদ্রা:

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর হঠাৎ মূল্যবৃদ্ধির অভিযোগে শুক্রবার আদ্রা নর্থ সাইড বাজার এলাকায় বিশেষ অভিযান চালাল প্রশাসন ও পুলিশ। কাশিপুর ব্লকের বিডিও, ফুড ইনস্পেক্টর এবং আদ্রা থানার পুলিশের যৌথ উদ্যোগে এই তল্লাশি চালানো হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল বাজারে কৃত্রিম অভাব বা বেআইনি মজুতদারির মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে কি না, তা খতিয়ে দেখা।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এ দিনের অভিযানে মোট চারটি দোকানে‌ দু’টি বড় পাইকারি এবং দু’টি খুচরো  দোকানে পরিদর্শন ও যাচাই করা হয়। গত তিন মাসের মাসভিত্তিক দামের তালিকা সংগ্রহ করে পাইকারি ও খুচরো দরের ফারাক এবং মুনাফার হিসাব খতিয়ে দেখছে প্রশাসন।

প্রাথমিক পর্যবেক্ষণে প্রশাসনের আধিকারিকেরা দেখেছেন, সার্বিকভাবে কমবেশি সব সামগ্রীতেই দাম বাড়ার প্রবণতা থাকলেও মূলত সর্ষের তেল এবং মিনিকেট ও বাসমতি চালের ক্ষেত্রেই দামের ঊর্ধ্বগতি বেশি চোখে পড়েছে। অন্যদিকে, আটা কিংবা চিনির ক্ষেত্রে খুব বড়সড় পরিবর্তনের ছবি মেলেনি  চিনির দাম সামান্য ওঠানামা করলেও তা প্রায় একই পর্যায়ে রয়েছে বলে দাবি।

তল্লাশি চলাকালীন ব্যবসায়ীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ইচ্ছাকৃতভাবে বা বেআইনিভাবে পণ্য মজুত  করা যাবে না। পাশাপাশি, পুরনো ও নতুন স্টক মিশিয়ে দেওয়া বা নিম্নমানের সামগ্রী বিক্রির মতো প্রবণতা থেকে বিরত থেকে ক্রেতাদের সঠিক পরিষেবা ও নিয়ম মেনে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, অসাধু মজুতদারি বা কারসাজির কোনও প্রমাণ মিললে বা অসঙ্গতি ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নোটিস-সহ প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। আগামী দিনেও আদ্রা ও আশপাশের এলাকায় এ ধরনের আকস্মিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।