নিজস্ব প্রতিনিধি, বলরামপুর
ফের শিরোনামে বলরামপুরের রাঙাডি লেভেল ক্রশিং। টানা আটকে থাকা বন্ধ রেলগেটের কারণে চরম বিপাকে পড়তে হলো এক আশঙ্কাজনক রোগীকে। তবে শেষ পর্যন্ত এক সিভিক ভলেন্টিয়ারের অসামান্য মানবিক উদ্যোগ এবং তৎপরতায় অল্পের জন্য প্রাণ বাঁচল এক বাইক-দুর্ঘটনাগ্রস্ত যুবকের।
স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেলে আড়শা থানার বাগানডি থেকে বাঘমুণ্ডি যাওয়ার পথে বলরামপুর-বাঘমুণ্ডি রাজ্য সড়কের রাঙাডি রামমন্দির সংলগ্ন এলাকায় মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন অবিনাশ মাহাতো নামে এক যুবক। বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তায় ছিটকে পড়লে রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করেন।
এরপর তড়িঘড়ি তাঁকে বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয় গাড়ি। কিন্তু বিপত্তি ঘটে বরাভূম রেলওয়ে স্টেশনের কাছে রাঙাডি লেভেল ক্রশিংয়ে। জরুরি পরিষেবা থাকা সত্ত্বেও দীর্ঘক্ষণ গেট বন্ধ থাকায় আটকে পড়ে জখম যুবককে বহনকারী গাড়িটি। যন্ত্রণায় ছটফট করতে থাকা আশঙ্কাজনক যুবককে দেখে সময় নষ্ট না করে এগিয়ে আসেন বলরামপুর থানার এক কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার। কোনো বিকল্প পথ না পেয়ে তিনি নিজের কোলেই তুলে নেন রক্তাক্ত অবিনাশকে। এরপর বন্ধ রেললাইন পেরিয়ে দ্রুত তাঁকে পৌঁছান বাঁশগড় হাসপাতালে।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেন।
উল্লেখ্য, এই রাঙাডি লেভেল ক্রশিং দীর্ঘক্ষণ বন্ধ থাকা অত্যন্ত নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত রবিবারও একইভাবে আটকে থেকে এক বোলব্যোম পুণ্যার্থীর মৃত্যুর করুণ ঘটনা ঘটেছিল। বারবার এই ধরনের সংকটজনক পরিস্থিতি তৈরি হওয়ায় স্থানীয় প্রশাসনের উদাসীনতা এবং রেলগেট সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা।