নিজস্ব প্রতিনিধি , বলরামপুর :
স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার। মৃতার পরিবারের অভিযোগ, শারীরিক ও মানসিক অত্যাচারের জেরেই খুন করা হয়েছে বছর বাইশের গৃহবধূকে। পরে ঘটনাকে আত্মহত্যা বলে দেখাতে দেহ ঝুলিয়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হারাধন সহিস। বাড়ি বলরামপুর থানার সপুরডি গ্রামে। রবিবার মৃতার বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে নিজের বাড়ির ঘরে কড়িকাঠ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় পূজা সহিসের (২২) দেহ। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
মৃতার বাবা মন্টু সহিসের বাড়ি জয়পুর থানার ভেলাইডি গ্রামে। তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়ের উপর অত্যাচার চালাতো জামাই হারাধন সহিস এবং তার দাদা। শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক চাপও দেওয়া হত বলে অভিযোগ। বহুবার মেয়ে সেই অত্যাচারের কথা জানিয়েছিল পরিবারকে। মন্টুবাবুর আরও দাবি, রবিবার দুই ভাই মিলে পূজাকে খুন করে দেহ ঝুলিয়ে দেয়। পূজার দুই সন্তান রয়েছে। তাদের বয়স তিন ও চার বছর।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ। অপর অভিযুক্ত বর্তমানে পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।