নিজস্ব প্রতিনিধি,বরাবাজার:
বিয়ের আনন্দ রূপ নিল আতঙ্কে! একটানা বৃষ্টির জেরে নদী ঘাটের উপর দিয়ে বয়ে যাওয়া জলে
গ্রামীণ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি কনে যাত্রী বোঝাই বাস। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বরাবাজার ব্লকের সিন্দরি-র তসরবাঁকি ঘাট সংলগ্ন এলাকায়। এই ঘটনায় বাসে থাকা বেশ কয়েকজন কনে যাত্রী কম-বেশি জখম হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠান শেষে কনে যাত্রীদের নিয়ে ফিরছিল বাসটি। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে তসরবাঁকি ঘাট এলাকার গ্রামীণ রাস্তাটি জলের তোড়ে অত্যন্ত পিচ্ছিল ও বিপজ্জনক হয়ে উঠেছিল। বুধবার সকালে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার উপর উল্টে যায়। মুহূর্তের মধ্যে আনন্দমুখর পরিবেশ বদলে যায় আর্তনাদে।
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও।
দুর্ঘটনায় জখম যাত্রীদের উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।