নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং সরকারি জায়গা দখলমুক্ত করতে এক জোরদার উচ্ছেদ অভিযান চালানো হলো পুরুলিয়ার বলরামপুরে। পুরুলিয়া জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির উদ্যোগে বলরামপুর মুখ্য বাজার এবং সবজি আড়ত চত্বরে এই যৌথ অভিযান পরিচালনা করে প্রশাসন।
দীর্ঘদিন ধরে বলরামপুর হাটের সরকারি জায়গা বেআইনিভাবে দখল করে রেখেছিলেন কিছু ব্যবসায়ী। সেখানে গজিয়ে উঠেছিল একাধিক অবৈধ ঝুপড়ি ও অস্থায়ী ছাউনি। এর ফলে বাজারের ভেতরে যাতায়াত ও ব্যবসার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে আগেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল। এলাকায় মাইকিং করার পাশাপাশি লিখিত নোটিশ জারি করে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নোটিশ পেয়ে অনেক ব্যবসায়ী নিজে থেকেই সরে যান, তবে কিছু ব্যবসায়ী তারপরও জায়গা খালি করেননি।
অবশেষে প্রশাসন ও পুলিশ যৌথভাবে ময়দানে নামে। এদিন বাজার চত্বরে জেসিবি নামিয়ে সমস্ত অবৈধ ছাউনি এবং ঝুপড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। এর পাশাপাশি, বাজার চত্বরে থাকা পুরনো ও জীর্ণ সরকারি বিল্ডিংগুলোও নিরাপত্তার স্বার্থে ভেঙে ফেলা হয়।
উচ্ছেদকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, তার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছিল। গোটা বাজার এলাকা মুড়ে ফেলা হয়েছিল নিরেট নিরাপত্তায়। বলরামপুর থানার পুলিশ বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীও। অভিযানে উপস্থিত ছিলেন বলরামপুর থানার আইসি অর্ণব গুহ এবং পুরুলিয়া জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সেক্রেটারি সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
উচ্ছেদ অভিযান চললেও ক্ষুদ্র ব্যবসায়ীদের রুটি-রুজির কথা মাথায় রাখছে প্রশাসন। পুরুলিয়া জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বহু ব্যবসায়ীকে প্রশাসনের তরফ থেকে আগেই স্থায়ী সরকারি স্টল বরাদ্দ করা হয়েছে।উচ্ছেদের কারণে যে সমস্ত ব্যবসায়ী বর্তমানে বাকি রয়ে গেলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লটারির মাধ্যমে তাঁদেরও নতুন স্টল দেওয়া হবে।