নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর উদ্ধার হল পুঞ্চা থানার গগদা গ্রামের এক বাসিন্দার নিথর দেহ। বৃহস্পতিবার সকালে নদীর জল থেকে পুঞ্চা থানার পুলিশ সুধাকর শবর (৩৫) নামে ওই যুবকের দেহ উদ্ধার করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে নিত্যদিনের মতোই বাড়ির কাছের নদীতে স্নান করতে নামেন সুধাকর। কিন্তু জলের টানে তিনি মুহূর্তে তলিয়ে যান। স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ খোঁজ চালিয়েও কোনো সন্ধান পাননি। অবশেষে ঘটনার পরের দিন বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থলের সামান্য দূরেই জলে দেহটি ভেসে ওঠে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুঞ্চা থানার পুলিশ। দেহটি জল থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জলে ডুবে মর্মান্তিক পরিণতি বলে মনে করা হলেও, ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।