নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
চারদিন পর বাড়িতে ফিরল কর্নাটকে পথ দুর্ঘটনায় মৃত বান্দোয়ানের দুই পরিযায়ী শ্রমিকের নিথর দেহ। সোমবার সড়ক পথে অ্যাম্বুলেন্স করে দেহ দুটি গ্রামে ফেরে । গ্রামে দেহ ফিরতেই কান্নায় ভেঙ্গে পড়ে তাদের পরিবারের আত্মীয় স্বজনরা ।
বৃহস্পতিবার কর্নাটকের বিজপুর জেলার কলার থানার মাসতি গ্রামে নলকূপ খননের গাড়ি উল্টে মৃত্যু হয়েছিল বান্দোয়ান থানার পুনশ্যা গ্রামের খড়দা টোলার বাসিন্দা সুনীল সিং ও রতন সিংয়ের। ওই ঘটনায় এলাকার আরও কয়েকজন যুবক জখম হন। এদিন মৃত দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতে পৌঁছে মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান বান্দোয়ান থানার ওসি মৃন্ময় ভকত। পাশে থাকার বার্তা দিয়েছেন এলাকার বিধায়ক লবসেন বাস্কেও।