রাজনীতি শিক্ষা

কলেজ পরিচালনার দায়িত্বে বিজেপি নেতারাই , পুরুলিয়ার ৮টি কলেজের সভাপতিদের নাম ঘোষণা

গত ২১ আগস্টের এক বিজ্ঞপ্তিতে প্রথম পর্যায়ে ২৪৭টি কলেজের পরিচালন সমিতির সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। পুরুলিয়ার ১৯টি কলেজের মধ্যে ৮টি কলেজের সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে বিজেপি সাংসদ সহ বিধায়কদের।
কলেজ পরিচালনার দায়িত্বে বিজেপি নেতারাই , পুরুলিয়ার ৮টি কলেজের সভাপতিদের নাম ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

রাজ্যে ক্ষমতায় আসার পরেই শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করার ঘোষণা করেছিল বিজেপি সরকার। ভেঙে দেওয়া হয়েছিল পরিচালন সমিতি। নিয়োগ করা হয়েছিল প্রশাসক। তবে তিন মাস যেতে না যেতেই আগের সরকারের মতোই কলেজগুলিতে পরিচালন সমিতির মাথায় জনপ্রতিনিধিদের নাম ঘোষণা করল সরকার।

গত ২১ আগস্টের এক বিজ্ঞপ্তিতে প্রথম পর্যায়ে ২৪৭টি কলেজের পরিচালন সমিতির সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। পুরুলিয়ার ১৯টি কলেজের মধ্যে ৮টি কলেজের সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে বিজেপি সাংসদ সহ বিধায়কদের।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরুলিয়া শহরের মধ্যে অবস্থিত জে কে কলেজ ও নিস্তারিণী কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে জেলার সাংসদ জ্যোতির্ময় মাহাতোকে। কোটশিলা কলেজ, ঝালদা অচ্ছুরাম মেমোরিয়াল কলেজ ও নেতাজি সুভাষ আশ্রম মহাবিদ্যালয়ে পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতোকে।

অন্যদিকে কাশিপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় ও লালপুর মহাত্মা গান্ধী কলেজের পরিচালন সমিতির সভাপতি হয়েছেন কাশিপুরের বিধায়ক কমলাকান্ত হাঁসদা। বিক্রমজিৎ গোস্বামী মেমোরিয়াল কলেজের দায়িত্ব পেয়েছেন জয়পুরের বিধায়ক বিশ্বজিৎ মাহাতো।