সাধারণ খবর ব্লক

রঘুনাথপুরে শিল্পায়নের ভূমিপূজন, মানবাজারে পানীয় জল, মুখ্যমন্ত্রীর জোড়া সভা

সোমবার রঘুনাথপুরের দুরমুটে ৪০০০ কোটি টাকার ইন্টিগ্রেটেড গ্রিনফিল্ড প্ল্যান্টের ভূমিপূজন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি মানবাজারে ১২৯৬ কোটি ২৫ লক্ষ টাকার বহু প্রতীক্ষিত জাইকা পানীয় জল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
রঘুনাথপুরে শিল্পায়নের ভূমিপূজন, মানবাজারে পানীয় জল, মুখ্যমন্ত্রীর জোড়া সভা

 

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

শিল্পায়নের খরা কাটার পথে রুখাশুখা পুরুলিয়া। একই দিনে শিল্প ও পানীয় জল দুই ক্ষেত্রেই প্রকল্পের সূচনা হতে চলেছে জেলায়। সোমবার রঘুনাথপুরের দুরমুটে ৪০০০ কোটি টাকার ইন্টিগ্রেটেড গ্রিনফিল্ড প্ল্যান্টের ভূমিপূজন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি মানবাজারে ১২৯৬ কোটি ২৫ লক্ষ টাকার বহু প্রতীক্ষিত জাইকা পানীয় জল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। প্রশাসনিক সূত্রের খবর, দুই কর্মসূচিতেই থাকবেন রাজ্যের একাধিক মন্ত্রী এবং শীর্ষ আধিকারিকেরা। 
অমিত মেটালিকস লিমিটেডের প্রস্তাবিত ইন্টিগ্রেটেড গ্রিনফিল্ড প্রকল্পটি ১৪৮ একর জমির উপর গড়ে উঠবে। প্রকল্পের মধ্যে থাকবে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, ফেরো অ্যালয় এবং স্পঞ্জ আয়রন উৎপাদন। সংস্থার দাবি, এই প্রকল্পে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় ১৬০০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সোমবার রঘুনাথপুরের দুরমুটে ভূমিপূজনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, নগরোন্নয়ন ও পুর বিষয়ক বিভাগের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী অজয় পোদ্দার, পরিবহণমন্ত্রী অর্জুন সিং, শিল্পের রাষ্ট্রমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ ও পূর্ত দফতরের রাষ্ট্রমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি থাকবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এলাকা পরিদর্শন করে গেছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, মন্ত্রী নদিয়ারচাঁদ বাউরি ও জেলাশাসক সুধীর কোন্থম। সংস্থার আয়োজনে প্রশাসনের অসন্তোষ রয়েছে বলে সূত্রের খবর।
অন্য দিকে, সোমবারই মানবাজারে মিটতে চলেছে দীর্ঘদিনের পানীয় জলের অপেক্ষা। ধানাড়া গ্রাম পঞ্চায়েতের জামদায়  জাইকা পানীয় জল প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার মুকুটমনিপুর জলাধার থেকে জল এনে পুরুলিয়ার পাঁচটি ব্লকের একাংশ এবং পুরুলিয়া পুরসভায় সরবরাহ করা হবে। প্রকল্পের আওতায় রয়েছে মানবাজার ১, পুঞ্চা, পুরুলিয়া ১, আড়শা ও বরাবাজার ব্লকের ৪৫৮টি মৌজা। উপকৃত হবেন মোট ৮ লক্ষ ১৩ হাজার ৪০৬ জন। ।
প্রকল্পে ৪২টি জলাধার রয়েছে। প্রতিদিন প্রায় ৬.৮ কোটি লিটার জল সরবরাহের পরিকল্পনা রয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ আকাশপথে মানবাজার স্টেডিয়ামে নামবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে প্রায় ১৪ কিলোমিটার সড়কপথে জামদায় গিয়ে জাইকা প্রকল্পের উদ্বোধন করবেন। পরে মাধবপুর ফুটবল মাঠে প্রশাসনিক জনসভায় যোগ দেবেন। সেখানে পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী অজয় পোদ্দার ছাড়াও রাষ্ট্রমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং বিদ্যুৎ দফতরের রাষ্ট্রমন্ত্রী গার্গী দাস ঘোষ থাকবেন। মুখ্যসচিব-সহ সচিব পর্যায়ের আধিকারিকদেরও উপস্থিত থাকার কথা। জাইকা প্রকল্পে জাপানের ওই সংস্থার তিন প্রতিনিধিও থাকবেন।
এর পর হেলিকপ্টারে রঘুনাথপুরে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানেও জনসভা করার কথা রয়েছে তাঁর। রবিবার মানবাজার ও রঘুনাথপুর—দুই জায়গাতেই হেলিকপ্টারের ট্রায়াল রান হয়েছে।