নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
সরকারি প্রকল্পের সুবিধা কারা পাবেন, তা নিয়ে পঞ্চায়েত সমিতির শাসকদলের অন্দরেই কি কোনো গোপন রদবদল চলছিল? নাকি রাজ্যের শাসকদলের নজরদারি এড়াতে বেছে নেওয়া হয়েছিল রাতের অন্ধকারকে? পুরুলিয়ার পুঞ্চা ব্লক অফিসে মঙ্গলবার গভীর রাতের এক হাইভোল্টেজ ঘটনাকে কেন্দ্র করে এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের তথ্যে কারচুপি করার অভিযোগে হাতেনাতে পাকড়াও করা হয়েছে তৃণমূলের প্রভাবশালী নেতা এবং পঞ্চায়েত কর্মীদের। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা জেলা জুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে যখন চারদিক নিঝুম, ঠিক তখন পুঞ্চা ব্লক অফিসের ভেতরে চলছিল এক 'গোপন তৎপরতা'। অভিযোগ, অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের তালিকায় নিয়মবহির্ভূতভাবে তথ্য পরিবর্তন করছিলেন পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তৃণমূল নেতা কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায় ওরফে ধরম এবং পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা চরণপাহাড়ি দাস। এই কাজে তাঁদের সহযোগিতা করছিলেন ব্লকের কর্মী সুমিত কুন্ডু ও লাখরা গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গৌতম দাস।
বিজেপির আরও অভিযোগ, সরকারি প্রকল্পের প্রাপকদের ডেটাবেসে গোপনে কারচুপি করে নিজেদের পছন্দের লোকেদের নাম ঢোকানো বা যোগ্যদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছিল। আর এই পুরো প্রক্রিয়ায় ব্লকের কিছু আধিকারিকের প্রচ্ছন্ন মদত ছিল বলেই অভিযোগ।
গোপন সূত্রে এই খবর পেয়েই মাঝরাতে পুঞ্চা ব্লক অফিসে চড়াও হন বিজেপি কর্মী-সমর্থকেরা। অভিযুক্ত চারজনকে ঘরের ভেতরেই আটকে রেখে ব্লকের বিডিও-র সামনেই তুমুল বিক্ষোভ শুরু করেন তাঁরা। খবর ছড়াতেই গ্রামবাসীরাও শামিল হন এই বিক্ষোভে। তাঁদের দাবি, দিনের আলোয় যা করা সম্ভব নয়, তা রাতের অন্ধকারে করার অর্থই হলো বড়সড় দুর্নীতি।
পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছায় পুঞ্চা থানার বিশাল পুলিশ বাহিনী। কোনোক্রমে উত্তেজিত জনতার হাত থেকে চার অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ অভিযুক্তদের থানায় নিয়ে গেলেও ক্ষোভ কমেনি আন্দোলনকারীদের। রাতেই পুঞ্চা থানার গেটের বাইরে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি কর্মীরা। তাঁদের সাফ দাবি ছিল, অভিযুক্তদের কোনোভাবেই আড়াল করা চলবে না, অবিলম্বে গ্রেফতার করতে হবে।
রাতেই লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উড়িয়ে চারজনকেই গ্রেফতার করে পুঞ্চা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর বুধবার ধৃত চারজনকে আদালতে পেশ করা হবে।