সাধারণ খবর শহর

পুরুলিয়ায় শুরু 'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্পের শিবির, পরিদর্শনে স্বয়ং প্রিন্সিপাল সেক্রেটারি

নতুন রাজ্য সরকারের এই নতুন প্রকল্পের ১২ পাতার ফর্ম পূরণ নিয়ে শুরুতে নানা মহলে জল্পনা তৈরি হয়েছিল। তবে সেই সব জল্পনা দূরে সরিয়ে রেখে পুরুলিয়া শহরের বিভিন্ন শিবিরে বিপুল উৎসাহের সঙ্গে ফর্ম পূরণ করতে পৌঁছান মহিলারা। এদিন প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা স্বয়ং সেই সমস্ত শিবির ঘুরে দেখেন
পুরুলিয়ায় শুরু 'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্পের শিবির, পরিদর্শনে স্বয়ং প্রিন্সিপাল সেক্রেটারি

 

শুভদীপ মাহাতো, পুরুলিয়া:


রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকেই শুরু হয়েছিল 'অন্নপূর্ণা ভাণ্ডার' নিয়ে নানান জল্পনা। এবার পুরুলিয়ায় সরকারি ভাবে শুরু প্রকল্পের ফর্ম পূরণের কাজ। অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়া জেলাতেও এই প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়ার জন্য বিভিন্ন শিবিরের সূচনা হয়েছে। এদিন পুরুলিয়া শহরে আয়োজিত সেই অন্নপূর্ণা ভাণ্ডারের বিভিন্ন শিবির পরিদর্শন করলেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা।

এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থম, অতিরিক্ত জেলাশাসক, পুরুলিয়া বিধানসভার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।

রাজ্য সরকারের এই নতুন প্রকল্পের ১২ পাতার ফর্ম পূরণ নিয়ে শুরুতে নানা মহলে জল্পনা তৈরি হয়েছিল। তবে সেই সব জল্পনা দূরে সরিয়ে রেখে পুরুলিয়া শহরের বিভিন্ন শিবিরে বিপুল উৎসাহের সঙ্গে ফর্ম পূরণ করতে পৌঁছান মহিলারা। এদিন প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা স্বয়ং সেই সমস্ত শিবির ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সুযোগ-সুবিধার কথা নিজে দাঁড়িয়ে থেকে শোনেন। যদিও এই বিষয়ে সাংবাদিকদের সামনে তিনি মুখ খুলতে চাননি।

অন্যদিকে, এই কর্মসূচি প্রসঙ্গে পুরুলিয়া বিধানসভার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়  বলেন, "জনগণের রায়ে গঠিত হওয়া এই সরকার সাধারণ মানুষের সুখ ও সহযোগিতার জন্য নানানভাবে হাত বাড়িয়ে দিচ্ছেন। সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন শিবিরে ঠিকমতো কাজ হচ্ছে কিনা, তা খতিয়ে দেখার জন্যই এদিন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি সহ জেলা প্রশাসনের আধিকারিকরা সকলেই এই পরিদর্শনে আসেন।"