শুভদীপ মাহাত, পুরুলিয়া:
স্বাধীনতার ৮০ বছর পূর্তিতে দেশ জুড়ে যখন উৎসবের আমেজ। তখন পুরুলিয়ায় এক অনন্য নজির গড়ল আদিবাসী কুড়মি সমাজ। বীর শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি প্রকৃতির প্রতি দায়বদ্ধতার এক সুন্দর ছবি উঠে এল তাঁদের উদ্যোগে।
শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে সাহেব বাঁধের পাড়ে অবস্থিত গরাম থানে সসম্মানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো। এই বিশেষ দিনে দেশবাসীর উদ্দেশ্যে এক আবেগঘন বার্তায় তিনি বলেন, "এক গৌরবময় যাত্রা। আজ আমাদের দেশ ভারত স্বাধীনতার ৮০ বছর পূর্তি উদযাপন করছে। এই শুভ মুহূর্তে আমরা সেই অগণিত শহীদদের আত্মত্যাগকে জানাই স্যালুট। যাদের ত্যাগ আমাদের ঔপনিবেশিক শক্তি থেকে মুক্ত করেছে এবং সেনা ও আপামর দেশপ্রেমী মানুষদের শ্রদ্ধা যারা আজও আমাদের দেশকে রক্ষা করে চলেছেন। এগিয়ে নিয়ে চলেছেন। জয় হিন্দ!"
কেবল পতাকা উত্তোলনই নয়, দিনটিকে আগামী প্রজন্মের জন্য আরও অর্থবহ করে তুলতে তিনি বামুনডিহা গরাম থানে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করেন। দেশের স্বাধীনতা এবং পরিবেশের সুস্থতার মধ্যে এক নিবিড় যোগসূত্র স্থাপন করে সেখানে তিনি বলেন, "জড়িয়ে আছে শহিদদের আত্মত্যাগ, মানুষের ঐক্য, মুক্তির আনন্দ এবং সুন্দর ভবিষ্যতের আশা। সেই স্মৃতি ও গৌরবগাথা যেন আগামী প্রজন্মের কাছে চিরন্তন হয়ে থাকে। স্বাধীনতার ৮০ তম বার্ষিকী উদযাপনের শুভক্ষনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশ সবুজ এবং সুন্দর হয়ে উঠুক।"
বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং সুস্থ ভারতের বার্তা দিয়ে মূল মানতার এই গঠনমূলক উদ্যোগ স্বাধীনতা দিবসের উদযাপনে এক নতুন মাত্রা যোগ করেছে।