নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যুর ঘটনায় ওই শিশুকন্যার মামার বাড়িতে সমবেদনা জানাতে যান মানবাজারের বিধায়ক। মঙ্গলবার বিধায়ক ময়না মুর্মু ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
পুঞ্চা ব্লকের জোতিয়াট্যাঁড় গ্রামের এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন সহ গোটা গ্রাম।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটে। শিশুটিকে নিয়ে তার মা জোতিয়াট্যাঁড় গ্রামে নিজের বাপের বাড়িতে এসেছিলেন। সেখানেই তার মা স্নান করানোর সময়
আচমকা একটি মাটির দেওয়াল ভেঙে পড়ে ওই শিশুটির উপর। তড়িঘড়ি তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা করা যায়নি।
এই হৃদয়বিদারক ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ শোকসন্তপ্ত পরিবারের সাথে দেখা করতে জোতিয়াট্যাঁড় গ্রামে পৌঁছান মানবাজার বিধানসভার বিধায়ক ময়না মুর্মু এবং পুঞ্চা ব্লকের বিডিও দীপ চট্টোপাধ্যায়। বিধায়ক ও বিডিও দু'জনেই দুর্ঘটনাস্থলটি ঘুরে দেখেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখেন। ওই পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের সান্ত্বনা দেন বিধায়ক।