ক্রাইম ব্লক

গাড়ি কেনার নাম করে এসে চরম প্রতারণা, হুড়ায় ধৃত ৬

গাড়ি কেনার নাম করে এসে চরম প্রতারণা ও সর্বস্ব খোয়ানোর শিকার হলেন হাওড়ার এক বাসিন্দা। তবে অভিযোগ পাওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যে তৎপরতা দেখিয়ে ঘটনার সাথে জড়িত ৬ অভিযুক্তকে গ্রেফতার করল পুরুলিয়া জেলার হুড়া থানার পুলিশ।
গাড়ি কেনার নাম করে এসে চরম প্রতারণা, হুড়ায় ধৃত ৬

 

নিজস্ব প্রতিনিধি,হুড়া:

গাড়ি কেনার নাম করে এসে চরম প্রতারণা ও সর্বস্ব খোয়ানোর শিকার হলেন হাওড়ার এক বাসিন্দা। তবে অভিযোগ পাওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যে তৎপরতা দেখিয়ে ঘটনার সাথে জড়িত ৬ অভিযুক্তকে গ্রেফতার করল পুরুলিয়া জেলার হুড়া থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার  সন্ধ্যা নাগাদ  হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা মোঃ নাসিম হুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, একটি ডাম্পার বিক্রি করার নাম করে একদল দুষ্কৃতী তাঁর সাথে যোগাযোগ করে। গাড়িটির দাম ধার্য করা হয়েছিল ২,২৫,০০০ টাকা। প্রাথমিক চুক্তি হিসেবে প্রথমে ফোনপে-র  মাধ্যমে ১,০০০ টাকাও নেয় অভিযুক্তরা।

অভিযোগে জানানো হয়েছে, গত ২৮শে জুন  গাড়িটি হস্তান্তরের নাম করে অভিযোগকারী মোঃ নাসিমকে পুরুলিয়া রেল স্টেশনে ডাকে দুষ্কৃতীরা। তিনি তাঁর চালককে নিয়ে সেখানে পৌঁছালে, তাঁদের স্টেশন থেকে হুড়া থানার অন্তর্গত কুদলুং গ্রামের একটি নির্জন বাড়িতে নিয়ে যাওয়া হয়।

সেখানে পৌঁছানো মাত্রই তাঁদের ওপর চড়াও হয় দুষ্কৃতী দলটি। লোহার রড দিয়ে নাসিম ও তাঁর চালককে নির্মমভাবে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর তাঁদের কাছে থাকা নগদ ২,২৬,২০০ টাকা এবং দুটি দামী মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। শুধু তাই নয়, ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর আতঙ্কিত নাসিম মঙ্গলবার  হুড়া থানার দ্বারস্থ হন। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্তে নামে হুড়া থানার পুলিশ। ধৃত ৬ অভিযুক্তকে বুধবার  পুরুলিয়ার  সি.জে.এম আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং খোয়া যাওয়া নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করার জন্য পুলিশের পক্ষ থেকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। এই চক্রের পেছনে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।