নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
ভোট আসে, ভোট যায়। সরকার বদলায়, কিন্তু বদলায় না পুরুলিয়া জেলার ঝালদা থানা এলাকার মাঠারী খামার অঞ্চলের উহাতু গ্রামের ভাগ্য। রূপাই নদীর ওপর একটি স্থায়ী সেতুর অভাবে বছরের পর বছর ধরে কার্যত জলবন্দি দশা ভোগ করছেন ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ। বর্ষা এলেই নদীর ওপারে থাকা স্কুল, হাসপাতাল কিংবা চাষের জমি সবটাই যেন এক লহমায় বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়। এবার সেই বঞ্চনার বিরুদ্ধেই নতুন করে আন্দোলনের সুর চড়াচ্ছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে জল বাড়লেই উহাতু, রানিডি, চরাটুংরি, জরুয়াডি, বনডি, মাঠারী কেউটিয়া, পলমা, পুহরা, জজহাতু ও কাশিডি-সহ একাধিক গ্রামের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে স্কুল পড়ুয়া থেকে শুরু করে কৃষক, রোগী সকলকেই চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়।
বিশেষ করে অসুস্থ রোগী বা প্রসূতি মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় পরিবারগুলিকে। অনেক সময় বিকল্প রাস্তা ধরে বহু কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। পাশাপাশি নদীর ওপারে থাকা কৃষিজমিতে পৌঁছাতে গিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছেন কৃষকরা।
গ্রামবাসী মধুসূদন মাহাত বলেন, “বর্ষাকাল এলেই আমরা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ি। ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়, অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতেও ভয় লাগে। বহুবার আবেদন করেছি, এবার প্রশাসন যেন গুরুত্ব দিয়ে বিষয়টা দেখে।”
স্থানীয় বাসিন্দা অনিল চন্দ্র মাহাত জানান, "গ্রামের মানুষ বছরের পর বছর কষ্ট করছে। দ্রুত সেতু তৈরি হলে বহু গ্রামের মানুষের যাতায়াত সমস্যা মিটবে।”
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর ক্ষমতায় বিজেপি। তাদের আমলে কি ঝালদার এই প্রান্তিক মানুষগুলোর দীর্ঘদিনের সেতু-স্বপ্ন আদৌ বাস্তবায়িত হবে, নাকি বরাবরের মতোই তা ফাইলের তলায় চাপা পড়ে থাকবে?