নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
এক নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠল বলরামপুরে। ঘটনায় নাবালিকার বাবার লিখিত অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বলরামপুর থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম রবি কর্মকার। তার বাড়ি বলরামপুর থানার নেকড়ে গ্রামে। বৃহস্পতিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। অন্যদিকে উদ্ধার হওয়া নাবালিকাকে এদিন শিশু কল্যাণ কমিটির কাছে পেশ করা হয়।
নাবালিকার পরিবার পুলিশকে জানিয়েছে, ওই নাবালিকা একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার হদিশ পাওয়া যায়নি। পরে ওই পরিবার জানতে পারে নেকড়ে গ্রামের ওই যুবক তাকে অসৎ উদ্দেশ্যে অপহরণ করে কোথাও নিয়ে গিয়েছে। এই মর্মে বুধবার নাবালিকার বাবা বলরামপুর থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন। তার পরেই পুলিশ তদন্তে নেমে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করার পাশাপশি অভিযুক্তকে গ্রেফতার করে।