নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা :
অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের তথ্য বিকৃতির অভিযোগে পুঞ্চা ব্লককে ঘিরে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, তার তদন্তে নতুন মোড়। এ বার গ্রেফতার হলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়। শনিবার গভীর রাতে পুঞ্চা ব্লকের লাখরা এলাকায় তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে একই মামলায় গ্রেফতার করা হয়েছিল পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায়, পূর্ত কর্মাধ্যক্ষ চরণপাহাড়ি দাস, লাখরা গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গৌতম দাস এবং সমিতির শিক্ষা আধিকারিক সুমিত কুণ্ডুকে। সরকারি অফিসের নির্ধারিত সময়ের পরে অনুমতি ছাড়া পুঞ্চা ব্লক অফিস চত্বরে প্রবেশ এবং সরকারি কাজকর্মকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের জেরে ব্লকের বিডিও দীপ চট্টোপাধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুঞ্চা থানার পুলিশ।
তদন্তকারী পুলিশ সূত্রের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে যে, অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের তথ্য সংক্রান্ত ওই কর্মকাণ্ড নাকি উচ্চস্তরের নির্দেশেই চলছিল। তদন্তে প্রাপ্ত তথ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতেই সুজয় বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা খতিয়ে দেখা শুরু হয়। সেই সূত্র ধরেই শনিবার গভীর রাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাঁকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ধৃত তৃণমূল নেতাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে। তদন্তকারীদের দাবি, সরকারি প্রকল্পের তথ্যভাণ্ডারে কারও নির্দেশে কোনও পরিবর্তনের চেষ্টা হয়েছিল কি না, কারা সেই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন এবং এর পিছনে কোনও বৃহত্তর চক্র কাজ করছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।