সাধারণ খবর শহর

পুরুলিয়া শহরে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের

পুরুলিয়া শহরে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ব্যস্ত রেললাইন পার হওয়ার সময় অসাবধানতার মাশুল দিতে হলো এক যুবককে। দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন তিনি। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-কোটশিলা রেল লাইনে গোশালা রেল গেটের কাছাকাছি এলাকায়।

রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের নাম গণেশ বাগতি (৩৭)। তাঁর বাড়ি পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত আনাড়া গ্রামে। পুরুলিয়া শহরের শান্তি পল্লী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছিলেন তিনি। সোমবার সকাল নাগাদ গোশালা রেল গেটের কাছে আচমকাই তিনি রেললাইন পারাপার করার চেষ্টা করেন। ঠিক সেই সময়েই ওই লাইন দিয়ে দ্রুত গতিতে ছুটছিল নিউ দিল্লি-পুরি পুরুষোত্তম এক্সপ্রেস। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটিকে এড়িয়ে লাইন পেরোনোর আগেই পুরুষোত্তম এক্সপ্রেস তাঁকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় দূরে ছিটকে পড়েন তিনি এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া জিআরপি  ও আরপিএফ -এর যৌথ টিম। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।