নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া
এবার বুলডোজার চলবে পুরুলিয়াতেও। শহরের রাস্তা, ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে শুক্রবার কড়া অবস্থান নিল পুরুলিয়া পুরসভা ও জেলা পুলিশ। বেআইনি জবরদখলের বিরুদ্ধে যৌথ অভিযানে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন প্রশাসনিক আধিকারিকেরা।
পৌরসভা সূত্রের খবর, সাধারণ মানুষের যাতায়াত এবং যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতেই এ দিনের অভিযান। যৌথ দলটি হসপিটাল এলাকা, ভিক্টোরিয়া মোড় থেকে পাতকুম মোড় হয়ে জজ বাংলো মোড় পর্যন্ত রাস্তা এবং সাহেব বাঁধ সংলগ্ন এলাকা পরিদর্শন করে। বিভিন্ন জায়গায় সরকারি জমির উপর স্থায়ী ও অস্থায়ী কাঠামো তৈরি করে কীভাবে ব্যবসা চলছে তা খতিয়ে দেখা হয়।
অভিযান চলাকালীন বেশ কিছু ব্যবসায়ী ও দখলদারকে সতর্ক করে প্রশাসন জানায়, অবিলম্বে বেআইনি কাঠামো সরিয়ে ফেলতে হবে। অন্যথায় আগামী দিনে চলবে বুলডোজার। পুরসভা ও পুলিশ প্রশাসনের কর্তারা স্পষ্ট জানিয়েছেন, শহরের জনসাধারণের ব্যবহারের জায়গা কোনও ভাবেই দখল করে রাখা যাবে না। প্রশাসনের দাবি, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত হলে যেমন যানজট কমবে, তেমনই সাধারণ মানুষের চলাচলও অনেক স্বাভাবিক হবে।