ব্লক

কেন অন্নপূর্ণা নেই? ঝালদায় মহিলা বিক্ষোভ সামলাতে এলো পুলিশ

সোমবার সকালে বকেয়া ভাতার সুনির্দিষ্ট জবাব পেতে এবং নিজেদের ক্ষোভ উগরে দিতে ঝালদা-১ ব্লক অফিস চত্বরে শয়ে শয়ে মহিলা জমায়েত হয়ে একজোট হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শেষ পর্যন্ত ঝালদা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
কেন অন্নপূর্ণা নেই? ঝালদায় মহিলা বিক্ষোভ সামলাতে এলো পুলিশ

 


নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

সরকারি প্রতিশ্রুতি পেলেও অ্যাকাউন্টে মিলছে না টাকা! অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা বাস্তবায়নে প্রশাসনিক অনিয়ম ও গাফিলতির অভিযোগ তুলে এবার সোচ্চার হলেন পুরুলিয়ার ঝালদা-১ নম্বর ব্লকের গ্রামীণ মহিলারা। সোমবার সকালে বকেয়া ভাতার সুনির্দিষ্ট জবাব পেতে এবং নিজেদের ক্ষোভ উগরে দিতে ঝালদা-১ ব্লক অফিস চত্বরে শয়ে শয়ে মহিলা জমায়েত হয়ে একজোট হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শেষ পর্যন্ত ঝালদা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নওয়াডি, মসিনা, মহুলডির মতো একাধিক গ্রাম থেকে মহিলারা দূর-দূরান্ত থেকে হেঁটে বা গাড়ি ভাড়া করে ব্লক অফিসে এসে পৌঁছান। তাঁদের প্রধান নালিশ আবেদন জমা দিয়ে নাম নথিভুক্ত হওয়া সত্ত্বেও দিনের পর দিন কেটে গেলেও সরকারি সাহায্যের বরাদ্দ ভাতা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছায়নি।

ক্ষুব্ধ মহিলাদের বক্তব্যে ফুটে উঠেছে প্রশাসনিক অব্যবস্থার বাস্তব ছবি। নওয়াডি গ্রামের বাসিন্দা রেণুকা মণ্ডলের জানান, "প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আবেদন করার পরেও কেন অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তার কোনও সদুত্তর প্রশাসনিক কর্তাদের কাছে নেই।"


অন্যদিকে, নিয়মিত তদারকির অভাবে পরিষেবা কীভাবে ব্যাহত হচ্ছে, তা উঠে এসেছে মসিনা গ্রামের সবিতা কুমারীর অভিযোগে। তিনি জানান, "শুরুর দিকে মাত্র দু'মাস ভাতা পাওয়ার পর রহস্যজনকভাবে বন্ধ হয়ে যায় টাকার লেনদেন"। একই অভিজ্ঞতা মহুলডি গ্রামের বাসিন্দা পদ্মাবতী মাহাতোরও তিনি আক্ষেপের সুর নিয়ে বলেন, "কোন অজানা কারণে সরকারি সাহায্য বন্ধ হয়ে গেল, তা বারবার জানতে চাওয়া হলেও সঠিক জবাব পাওয়া যায়নি। বাধ্য হয়েই সব গ্রামবাসীরা একজোট হয়ে সরাসরি বিডিও অফিসে আসতে বাধ্য হয়েছি।"

 

সোমবার সকালে আন্দোলনকারী মহিলাদের এই জমায়েত ও প্রশাসনিক সদুত্তর দাবিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় ঝালদা-১ ব্লক চত্বরে। প্রশাসনিক আধিকারিকদের ঘেরাও করে ক্ষোভ প্রকাশের আবহ তৈরি হলে এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়েই দ্রুত  এসে পৌঁছায় ঝালদা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মধ্যস্থতা করে আশ্বাস দিলে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে প্রশাসনিক গাফিলতির দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বঞ্চনার শিকার হওয়া এই মহিলারা।