নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
ভোট পরবর্তী সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে বিজেপি বিশেষ সাংগঠনিক বৈঠক আয়োজন করলো কাশিপুর বিধানসভা এলাকায় ।
কাশিপুর বিধানসভার অন্তর্গত ৬টি মণ্ডলের শক্তিকেন্দ্র প্রমুখ ও কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এই বৈঠকে মূলত ভোট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের বিস্তার এবং আগামী দিনের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাত, কাশিপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা, জেলা সহ-সভাপতি ফাল্গুনী চট্টোপাধ্যায় ও রাজেশ সিনহা, বিধানসভা আহ্বায়ক পরান বাউরি সহ জেলা ও মণ্ডল স্তরের একাধিক নেতা নেত্রী।
নেতৃত্বের বক্তব্যে উঠে আসে, সাম্প্রতিক ভোটে সাধারণ মানুষের বিপুল সাড়া বিজেপির সংগঠনকে আরও উজ্জীবিত করেছে। সেই জনসমর্থনকে আগামী দিনে সাংগঠনিক শক্তিতে রূপান্তরিত করাই এখন প্রধান লক্ষ্য। বুথভিত্তিক সংগঠনকে আরও সক্রিয় করা, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পে উন্নয়নের সুফল যাতে প্রতিটি মানুষ পান, তা দেখভাল করার বার্তাও দেওয়া হয় বৈঠক থেকে।