'
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
সেবা সংকল্প অভিযান এর অংশ হিসেবে আয়োজিত 'নমো সেবা অজানা কাহিনি' কর্মসূচির অধীনে পুরুলিয়া-২ নম্বর ব্লকের জয়নগর এলাকার দুর্গা মন্দির প্রাঙ্গণে এক বিশেষ সাংস্কৃতিক ও সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন হলো। গ্রামীণ মানুষের কাছে কেন্দ্র সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলোর সুবিধা পৌঁছে দিতে ও সচেতনতা বাড়াতে এই অনুষ্ঠানে প্রয়োগ করা হয়েছে লোকশিল্পের নানা পথনাটিকা।
প্রথাগত প্রচারের বাইরে গিয়ে সাধারণ মানুষের কাছে সরকারি বার্তার গ্রহণযোগ্যতা বাড়াতে মঙ্গলবার পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নাচের আঙ্গিকে পথনাটিকা পরিবেশন করা হয়। পাশাপাশি আলকাপ, মাছানি এবং স্থানীয় বিভিন্ন নাট্যগোষ্ঠী এই বিশেষ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
পথনাটিকা ও লোকশিল্পের অভিনয়ের মাধ্যমে কেন্দ্র সরকারের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্পের খুঁটিনাটি সহজভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।
প্রত্যন্ত এলাকার বাসিন্দারা কীভাবে এই সমস্ত সুবিধা নিজেদের দৈনন্দিন জীবনে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারেন, নাটকের সংলাপ ও অঙ্গভঙ্গির মাধ্যমে তা ফুটিয়ে তোলা হয়।
অনুষ্ঠানে জয়নগর ও আশেপাশের এলাকার প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। ঐতিহ্যের ছৌ ও লোকশিল্পের মাধ্যমে জনকল্যাণমূলক বার্তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।