টুকরো খবর ব্লক

যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে সোলার প্লেট, আতঙ্কে ঝালদার গ্রাম

বিপজ্জনক অবস্থায় একটি সোলার প্লেট। যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে নিচে। আর তার ঠিক নিচেই খেলছে একদল অবোধ শিশু, কেউ বা আসছেন মন্দিরে পুজো দিতে। পুরুলিয়ার ঝালদা থানার খাটঝুড়ি গ্রামের শিব মন্দির প্রাঙ্গণে এখন প্রতি নিয়ত তাড়া করে বেড়াচ্ছে এমনই এক ভয়াবহ দুর্ঘটনার আতঙ্ক।
যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে সোলার প্লেট, আতঙ্কে ঝালদার গ্রাম

 

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

বিপজ্জনক অবস্থায় একটি সোলার প্লেট। যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে নিচে। আর তার ঠিক নিচেই খেলছে একদল অবোধ শিশু, কেউ বা আসছেন মন্দিরে পুজো দিতে। পুরুলিয়ার ঝালদা থানার খাটঝুড়ি গ্রামের শিব মন্দির প্রাঙ্গণে এখন প্রতি নিয়ত তাড়া করে বেড়াচ্ছে এমনই এক ভয়াবহ দুর্ঘটনার আতঙ্ক। অভিযোগ, গ্রামবাসীদের তৃষ্ণা মেটাতে তৈরি হওয়া একটি সরকারি সৌরচালিত পানীয় জল প্রকল্পই এখন স্থানীয়দের কাছে আতঙ্কের আর এক নাম হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন সব জেনেও হাত গুটিয়ে বসে আছে, এমন অভিযোগ তুলে ক্ষোভের আগুন জ্বলছে খাটঝুড়ি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের পানীয় জলের তীব্র সংকট দূর করতে কয়েক বছর আগে পঞ্চায়েতের পক্ষ থেকে এই সৌরচালিত পাম্পটি বসানো হয়েছিল। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু বিপত্তি ঘটে প্রায় এক মাস আগে। এক বিধ্বংসী ঝড়ে পাম্পের ওপর থাকা ভারী সোলার প্লেটগুলোর কাঠামো মটকে যায়। বর্তমানে প্লেটগুলি বিপজ্জনকভাবে একদিকে হেলে ঝুলছে।

গ্রামের বাসিন্দা জোৎসনা হাজরা ক্ষোভ উগরে দিয়ে বলেন, "ঝড়ের পর থেকে প্লেটগুলো যেভাবে ঝুলে রয়েছে, তা দেখে বুক কাঁপে। এটা তো কোনো ফাঁকা মাঠ নয়, ভগবান শিবের মন্দির! সারাদিন কত মানুষ এখানে যাতায়াত করেন। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা এখানেই খেলাধুলো করে। প্লেটটা যদি ওদের মাথায় খসে পড়ে, তার দায় কে নেবে?"

বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়াতেই টনক নড়েছে ব্লক প্রশাসনের। এই বিষয়ে ঝালদা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সারতি মুড়া অবশ্য দায় এড়াননি। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে বলেন, "বিষয়টি আমাদের নজরে এসেছে। পরিস্থিতি যে বিপজ্জনক, তা অস্বীকার করার জায়গা নেই। আমরা খুব দ্রুত ওই ক্ষতিগ্রস্ত সৌরচালিত পাম্পটি পরিদর্শনে যাব এবং দ্রুত  মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"