নিজস্ব প্রতিনিধি, হুড়া:
শিক্ষা ও শিক্ষক আন্দোলনের অন্যতম কাণ্ডারী, খৈরীপিহিড়া নেতাজী হাইস্কুলের প্রাক্তন শিক্ষক প্রয়াত পরীক্ষিত মাহাতর স্মরণে এক আবেগঘন শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করল 'অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি'। শনিবার লালপুর দিল্লি মিশন পাবলিক স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই সভায় উপস্থিত শিক্ষক, শিক্ষাবান্ধব ব্যক্তি ও সহযোদ্ধারা তাঁকে একবাক্যে “শিক্ষাশিক্ষকের অধিকার রক্ষার আপসহীন লড়াকু” হিসেবে অভিহিত করেন।
সভার শুরুতেই প্রয়াত শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক-শিক্ষাকর্মী সমিতির এসোসিয়েট সদস্য পরীক্ষিত মাহাতর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভার সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী সুভাষ মণ্ডল।
বক্তারা স্মৃতিচারণ করতে গিয়ে জানান, তদানীন্তন সি.পি.এম পরিচালিত বামফ্রন্ট সরকারের আমলে প্রাথমিক স্তরে ইংরেজি ভাষা প্রত্যাহার এবং পাশ-ফেল প্রথা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলেছিলেন পরীক্ষিতবাবু। মাতৃভাষার পাশাপাশি সঠিক শিক্ষানীতি রক্ষায় এবং শিক্ষকদের ন্যায্য দাবির লড়াইয়ে তিনি ছিলেন প্রথম সারির সংগঠক।
সংগঠনের জেলা কনভেনার সুব্রত মুখোপাধ্যায় বলেন, “প্রয়াত পরীক্ষিত মাহাত শুধু শ্রেণীকক্ষের শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন শিক্ষা ও শিক্ষকের ওপর সমস্ত আক্রমণের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। বিগত দিনে ভাষা শিক্ষা আন্দোলন থেকে শুরু করে সর্বস্তরে শিক্ষার অধিকার রক্ষায় তাঁর অবদান ভোলা অসম্ভব।” বর্তমান শিক্ষা পরিস্থিতির চিত্র তুলে ধরে তিনি আরও যোগ করেন, আজ যেভাবে সরকারি শিক্ষাব্যবস্থাকে সংকুচিত করে বেসরকারিকরণের চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে সেভ এডুকেশন কমিটির লড়াইকে আরও তীব্র করাই হবে এই আন্দোলনমুখী শিক্ষাব্রতীর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো।
উক্ত স্মরণসভায় প্রয়াত শিক্ষকের স্ত্রী ও পরিজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক শেখর গরাই, লালপুর দিল্লি মিশন স্কুলের শিক্ষক বিবেক মণ্ডল সহ বহু শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। উপস্থিত সকলেই একযোগে অঙ্গীকার করেন যে, পরীক্ষিত মাহাতর দেখানো আপসহীন পথেই আগামী দিনে শিক্ষার আলো রক্ষার লড়াই জারি থাকবে।