সাধারণ খবর শহর

"আগে পুনর্বাসন, পরে উচ্ছেদ", আন্দোলনের হুমকি দিলো কংগ্রেস

শহরকে যানজটমুক্ত ও সৌন্দর্যায়ন করার নামে কোনো আগাম নোটিশ ছাড়াই পুরুলিয়া শহরের কোর্ট চত্বরসহ বিভিন্ন এলাকার হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করছে প্রশাসন। এমন অভিযোগ তুলে ময়দানে নামলো কংগ্রেস।

 

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

শহরকে যানজটমুক্ত ও সৌন্দর্যায়ন করার নামে কোনো আগাম নোটিশ ছাড়াই পুরুলিয়া শহরের কোর্ট চত্বরসহ বিভিন্ন এলাকার হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করছে প্রশাসন। এমন অভিযোগ তুলে ময়দানে নামলো কংগ্রেস। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কংগ্রেসের অভিযোগ, এই উচ্ছেদ অভিযানের জেরে হঠাৎ করেই রুজি-রুটি হারিয়ে চরম সংকটে পড়েছেন ফল, জুতো ও জামাকাপড় বিক্রেতাসহ প্রায় সহস্রাধিক পরিবার। গরিব মানুষের ওপর নেমে আসা এই সংকটের প্রতিবাদে এবার সরব হলেন কংগ্রেস নেতা দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও। প্রশাসনের এই আকস্মিক পদক্ষেপকে একহাত নিয়ে তিনি অবিলম্বে ক্ষতিগ্রস্তদের বিকল্প পুনর্বাসন ও আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

ঘটনার তীব্র নিন্দা করে কংগ্রেস নেতা দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও বলেন,
"গত রবিবার মাত্র এক ঘণ্টার নোটিশে যেভাবে বহু বছর ধরে ব্যবসা করে আসা গরিব মানুষদের দোকানপাট ভেঙে দেওয়া হলো, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই দোকানগুলো তো একদিনে গড়ে ওঠেনি। বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে সরকারের ১০ টাকার টোকেন সবই ছিল এদের কাছে। অর্থাৎ, প্রশাসন পরোক্ষভাবে এদের অস্তিত্বকে স্বীকৃতি দিয়েছিল। তাহলে আজ কোনো বিকল্প ব্যবস্থা না করে,  কোন যুক্তিতে এদের রাস্তায় বসানো হলো?"

তিনি আরও জানান,  শুধু কোর্ট চত্বরের গরিবদের সরালেই শহর যানজটমুক্ত হবে না। যদি উচ্ছেদ করতেই হয়, তবে পুরো শহরের সমস্ত অবৈধ দখলদারি ভাঙা হোক। কিন্তু তার আগে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য উপযুক্ত  পুনর্বাসনের ব্যবস্থা করা সরকারের নৈতিক দায়িত্ব ছিল।
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে কংগ্রেস নেতা বলেন, "এমনিতেই বাজার আগুন। পেট্রোল, ডিজেল থেকে শুরু করে জীবনদায়ী ওষুধের দাম আকাশছোঁয়া। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকলেও সাধারণ মানুষকে তার সুবিধা দেওয়া হয়নি। এইরকম একটা কঠিন সময়ে যদি গরিব মানুষের আয়ের একমাত্র উৎসটুকুই কেড়ে নেওয়া হয়, তবে এই হাজারটা পরিবার খাবে কী? তারা কোথায় যাবে?"

দলের অবস্থান স্পষ্ট করে দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও জানান, "কংগ্রেস সবসময় একটি 'পজিটিভ অপজিশন' বা গঠনমূলক বিরোধী দল হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার জনগণের স্বার্থে ভালো কাজ করলে কংগ্রেস যেমন পাশে থাকবে, ঠিক তেমনি আইন ও প্রশাসন যদি গরিব মানুষের পেটে লাথি মারে, তবে তারা চুপ করে বসে থাকবে না।"