নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
কলকাতার সল্টলেকের সাই কমপ্লেক্স যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ৭৪তম স্টেট অ্যাথলেটিক্স মিট ২০২৬-এ অনন্য সাফল্য পুরুলিয়ার ছেলে সৌমাল্য দেশমুখের।
প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৮ বিভাগের শটপাট থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছে সে। এই ইভেন্টে ১৩.১০ মিটার দূরত্বে শটপাট ছুঁড়ে সৌমাল্য এই গৌরব অর্জন করে।
সৌমাল্যর এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া তাঁর পরিবারে। তিনি পুরুলিয়া জেলার এএসআই অফ পুলিশ শুকলাল দেশমুখের ছেলে । ছেলের এই দুর্দান্ত সাফল্যে অত্যন্ত আনন্দিত ও গর্ব প্রকাশ করেছেন তাঁর বাবা।
সৌমাল্যর এই সাফল্য অবশ্য আকস্মিক নয়, এর আগেও বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় সে তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছে। অনূর্ধ্ব-১৪ বিভাগে ব্রোঞ্জ পদক জয়,অনূর্ধ্ব-১৬ বিভাগ রাজ্য স্তরে রৌপ্য পদক এবং সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে স্বর্ণ পদক লাভ,জ্যাভলিন থ্রোতে ২০১৬ সালে স্কুল মিটে প্রথম স্থান অধিকার করেছিলো সে।
খেলার মাঠের পাশাপাশি পড়াশোনাতেও সমান উজ্জ্বল সৌমাল্য। সে বর্তমানে দুর্গাপুরের দিল্লি পাবলিক স্কুলের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। খেলাধুলার এই কঠিন লড়াইয়ে তার এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার মেন্টর ও কোচেরা।