নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
তৃণমূল কংগ্রেস ছাড়লেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। মঙ্গলবার সমাজমাধ্যমে নিজের পদত্যাগের কথা জানান তিনি। তাঁর পোস্টে লেখা, ‘‘আমি, নিবেদিতা মাহাতো, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী ও সমর্থক। ব্যক্তিগত কারণে তৃণমূল কংগ্রেস দল থেকে পদত্যাগ করলাম।’’
তবে পদত্যাগের কারণ হিসাবে তিনি ‘ব্যক্তিগত কারণ’-এর কথা বললেও, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ ঘিরে জল্পনা শুরু হয়েছে জেলা রাজনীতিতে। গত জুলাইয়ে জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতির বিরুদ্ধে তৃণমূলেরই ২৪ জন সদস্য অনাস্থা প্রস্তাব এনেছিলেন। পরে নিবেদিতার বিরুদ্ধে আনা অনাস্থা কার্যকর হয়নি।
এ দিন ফোনে যোগাযোগ করা হলে নিবেদিতা বলেন, ‘‘আমাদের দলে তো জেলা সভাপতির দায়িত্বে কেউ নেই। তাই সমাজমাধ্যমে বিষয়টি জানালাম।’’
তাঁর এই মন্তব্যের পরেও অবশ্য প্রশ্ন উঠছে, ‘ব্যক্তিগত কারণ’-এর আড়ালে কি অন্য কোনও রাজনৈতিক সমীকরণ কাজ করছে? বিশেষ করে পুরুলিয়ায় সাম্প্রতিক সময়ে তৃণমূলের একাধিক নেতা-কর্মীর সঙ্গে বিজেপির যোগাযোগ এবং জেলা পরিষদকে ঘিরে টানাপড়েনের আবহে নিবেদিতার দলত্যাগ নতুন জল্পনার জন্ম দিয়েছে।
তাহলে কি এ বার ‘ভালো তৃণমূল’ হয়ে গেরুয়া শিবিরে যাওয়ার পথে নিবেদিতা? সমাজমাধ্যমে তাঁর পদত্যাগের ঘোষণার পর থেকেই সেই প্রশ্নই ঘুরছে পুরুলিয়ার রাজনৈতিক মহলে। যদিও বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে নিবেদিতার তরফে এখনও কোনও ঘোষণা বা স্পষ্ট ইঙ্গিত মেলেনি।
অতএব, দলত্যাগের ঘোষণা হলেও পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী, আপাতত সে দিকেই নজর পুরুলিয়ার রাজনৈতিক মহলের।