নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পথ দুর্ঘটনা এড়াতে এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বিশেষ অভিযানে নামলো পুরুলিয়া ট্রাফিক বিভাগের
হাতোয়াড়া ট্রাফিক গার্ড। বুধবার রাতে পুরুলিয়া মফস্বলের ভাঙড়া মোড় এলাকায় এই বিশেষ মোটরযান পরীক্ষা ও তল্লাশি অভিযান চালানো হয়।
হাতোয়াড়া ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহুল মণ্ডলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং হেলমেটহীন বাইক চালকদের চিহ্নিত করাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য।
অভিযান চলাকালীন ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী সমস্ত সন্দেহভাজন মোটরবাইক, চারচাকা গাড়ি এবং দূরপাল্লার বাস থামিয়ে চালকদের ব্রেথ অ্যানালাইজার যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা হয়। একই সাথে গাড়ির বৈধ কাগজপত্রও খতিয়ে দেখেন ট্রাফিক কর্মীরা। ইতিমধ্যেই পুরুলিয়ার ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ। পুলিশ সুপার কুমার শানি রাজের তত্ত্বাবধানে এই জেলায় অতীতের অবস্থা থেকে ট্রাফিক ম্যানেজমেন্টের চেহারাটা আমূল বদলে গিয়েছে।