ক্রাইম শহর

বারুইপুর কান্ডের আঁচে বিক্ষোভ পুরুলিয়াতেও

প্রতিবাদে এবার তীব্র বিক্ষোভ পুরুলিয়ার বুকে। অভিযোগ, নারী সুরক্ষায় প্রশাসন ব্যর্থ। পাশাপাশি অপরাধীদের আড়াল করার সংস্কৃতি চলছে বাংলায় এমন অভিযোগ তুলে সোমবার একযোগে গর্জে উঠল তিন গণসংগঠন।
বারুইপুর কান্ডের আঁচে বিক্ষোভ পুরুলিয়াতেও

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার তীব্র বিক্ষোভ পুরুলিয়ার বুকে। অভিযোগ, নারী সুরক্ষায় প্রশাসন ব্যর্থ। পাশাপাশি  অপরাধীদের আড়াল করার সংস্কৃতি চলছে বাংলায় এমন অভিযোগ তুলে  সোমবার একযোগে গর্জে উঠল তিন গণসংগঠন। শহরের ব্যস্ততম ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় যৌথভাবে  বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও এবং মহিলা সংগঠন এআইএমসিসি।

দাবি ওঠে বারুইপুরের পৈশাচিক ঘটনার নেপথ্যে থাকা সমস্ত অপরাধীকে অবিলম্বে চিহ্নিত করতে হবে। কোনো রকম আড়াল না করে তাদের এমন কঠোরতম শাস্তি দিতে হবে যা ভবিষ্যতে এই ধরণের অপরাধ রুখতে নজির হয়ে থাকে। সাধারণ মানুষের অভিজ্ঞতায় দেখা গেছে, এমন বহু ঘটনায় বিচারের প্রক্রিয়া বছরের পর বছর ঝুলে থাকে। বিক্ষোভকারীদের স্পষ্ট হুঁশিয়ারি এই ঘটনার ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত বিচার সুনিশ্চিত করতে হবে।
একের পর এক ঘটে চলা নারী নির্যাতনের ঘটনা প্রমাণ করছে যে রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা কতটা নড়বড়ে। প্রশাসনকে কেবল প্রতিশ্রুতি না দিয়ে, রাজপথ থেকে কর্মক্ষেত্র—সর্বত্র নারীদের বাস্তব নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এই যৌথ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন এআইডিএসও-র রাজ্য সহ-সভাপতি বিকাশ রঞ্জন কুমার, এআইডিওয়াইও-র জেলা কোষাধ্যক্ষ সুপ্রিয় মাহাতো, এআইএসএস-এর বিশিষ্ট নেত্রী শোভা মাহাতো প্রমুখ ।