ব্লক

সোশ্যাল মিডিয়ার রিলস কতটা বিপজ্জনক, স্কুলে স্কুলে পড়ুয়াদের সতর্ক করছে পুলিশ

সম্প্রতি সাঁতুড়ি ও আড়শা থানার উদ্যোগে দুটি মেগা সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল যথাক্রমে সাঁতুড়ি হাইস্কুল ও আড়শার রাঙামাটি হাইস্কুলে।
সোশ্যাল মিডিয়ার রিলস কতটা বিপজ্জনক, স্কুলে স্কুলে পড়ুয়াদের সতর্ক করছে পুলিশ

 

নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি ও আড়শা:

স্মার্টফোনের অপব্যবহার, ওৎ পেতে থাকা সাইবার অপরাধের ফাঁদ আর সমাজের গভীরে লুকিয়ে থাকা বাল্যবিবাহের মতো ব্যাধি থেকে কীভাবে নিজেদের সুরক্ষিত রাখবে বর্তমান প্রজন্ম? এই গুরুদায়িত্ব কাঁধে নিয়ে এবার সরাসরি স্কুলপড়ুয়াদের দরবারে পৌঁছাল পুরুলিয়া জেলা পুলিশ। সম্প্রতি সাঁতুড়ি ও আড়শা থানার উদ্যোগে দুটি মেগা সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল যথাক্রমে সাঁতুড়ি হাইস্কুল ও আড়শার রাঙামাটি হাইস্কুলে।


শিবিরে শুধু  উপদেশ নয়, বরং দৈনন্দিন জীবনের বাস্তব সমস্যাগুলো ধরে ধরে আলোচনা করা হয়। শিবিরের মূল বিষয়গুলি যথেষ্ট আকর্ষণ করে পড়ুয়াদের। সোশ্যাল মিডিয়ার রিল বা পোস্টের আড়ালে কীভাবে ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে? সাইবার অপরাধীরা কীভাবে ফাঁদ পাতে? এইসব বিষয় সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হয় পড়ুয়াদের। স্মার্টফোনের 'দায়িত্বশীল' ব্যবহারের ওপর বিশেষ জোর দেয় পুলিশ। এছাড়াও ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব এবং অসতর্কতার কারণে ঘটে যাওয়া দুর্ঘটনা কীভাবে এড়ানো সম্ভব, তা পড়ুয়াদের শেখানো হয়।বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো ঘটনার শিকার হলে বা কোথাও এমনটা ঘটতে দেখলে কীভাবে রুখে দাঁড়াতে হবে, তার আইনি ও সামাজিক দিকগুলো তুলে ধরা হয়।

অনুষ্ঠানে শুধু পড়ুয়ারা নয়, সমানভাবে শামিল হয়েছিলেন বিদ্যালয় দুটির প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক- শিক্ষিকারাও। তাঁদের মতে, স্কুল স্তরে পুলিশের এই উদ্যোগ কিশোর- কিশোরীদের মনে সামাজিক মূল্যবোধ জাগিয়ে তুলতে এবং অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার সাহস জোগাতে ভীষণভাবে সাহায্য করবে।

কোনো রকম বিপদে পড়লে বা সাইবার জালিয়াতির শিকার হলে পড়ুয়ারা যাতে তড়িঘড়ি প্রশাসনের দ্বারস্থ হতে পারে, তার জন্য পুলিশের পক্ষ থেকে দেওয়া হয় একটি বিশেষ স্লিপ। এই স্লিপে সাইবার ক্রাইম হেল্পলাইনসহ বিভিন্ন জরুরি নম্বর দেওয়া রয়েছে, যা আপৎকালীন সময়ে শিক্ষক ও পড়ুয়াদের রক্ষাকবচ হিসেবে কাজ করবে।