নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বর্তমানের ডিজিটাল যুগে একটা স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং বহু মানুষের রুটি-রুজি থেকে শুরু করে দৈনন্দিন জীবনের আবেগ ও প্রয়োজনীয় নথির আধার। আর সেই সাধের ফোনটি হারিয়ে গেলে বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে। এবার সেইসব দুশ্চিন্তায় জল ঢেলে, পুরুলিয়ার সাধারণ নাগরিকদের মুখে চওড়া হাসি ফোটাল জেলা পুলিশ। এক বিশাল উদ্ধার অভিযানের পর, জেলা জুড়ে মোট ৫০০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো।
পুরুলিয়ার পুলিশ সুপারের বিশেষ উদ্যোগে এবং জেলার বিভিন্ন থানায় একটি বিশেষ ‘মোবাইল ফোন হস্তান্তর’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ফোন চুরির বা হারিয়ে যাওয়ার পর যাঁরা আশা ছেড়েই দিয়েছিলেন, পুলিশের ফোন পেয়ে থানায় এসে নিজেদের মোবাইল ফেরত পেয়ে তাঁদের চোখে-মুখে একটা আনন্দের হাসি। যথাযথ নথিপত্র যাচাইয়ের পর একে একে ৫০০ জন নাগরিকের হাতে তাঁদের হারিয়ে যাওয়া মোবাইলটি তুলে দেন পুলিশ আধিকারিকরা। এর মধ্যে ঝালদাতে ২১ টি মোবাইল ফিরিয়ে দিয়েছে পুলিশ। ফিরিয়ে দিয়েছেন ঝালদার এসডিপিও গৌরব ঘোষ।
পুরুলিয়া জেলা পুলিশের বার্তা, "নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে, জনসাধারণের আস্থা ও বিশ্বাসকে আরও মজবুত করতে এবং উৎসর্গীকৃত সেবা প্রদানে পুরুলিয়া জেলা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ।সাধারণ মানুষের হারিয়ে যাওয়া সম্পত্তি উদ্ধার করে তা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার আমাদের এই প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"