নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বালি বোঝাই একটি অবৈধ ট্রাক্টর ও ট্রলি আটক করল জয়পুর থানার পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়েই গাড়িটি ফেলে রেখে চম্পট দেয় চালক।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জয়পুর থানার পুলিশের একটি দল এলাকায় অভিযান চালায়। কাঁসাই নদীর উপকূলবর্তী উপরকাহান এলাকা থেকে সম্পূর্ণ বেআইনিভাবে বালি উত্তোলন করে পাচার করা হচ্ছিল। কোনো বৈধ নথিপত্র ছাড়াই আনুমানিক ১০০ সিএফটি বালি বোঝাই করে একটি লাল রঙের মহিন্দ্রা ট্রাক্টর ও ট্রলি নিয়ে চালক পালাচ্ছিল।
পাচারের খবর পেয়ে পুলিশ তৎপরতার সঙ্গে ধাওয়া করলে, জয়পুর কৃষক বাজারের কাছে পুলিশের উপস্থিতি টের পেয়ে যায় চালক। ধরা পড়ার ভয়ে সে বালি বোঝাই গাড়িটি ওখানেই ফেলে রেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
পুলিশ ইতিমধ্যেই লাল রঙের মহিন্দ্রা ট্রাক্টর ও ট্রলিটি বালি সহ আটক ও বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় জয়পুর থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করার পাশাপাশি এই চক্রের পেছনে আর কে বা কারা জড়িত রয়েছে, তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।