ক্রাইম ব্লক

কোটশিলায় পুলিশের তৎপরতায় ভেস্তে গেল বালি পাচারের ছক, ধৃত ১

গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে বেআইনি বালি পাচার রুখে দিলো কোটশিলা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে কোটশিলা থানার অন্তর্গত মাতকুমা গ্রামে। এই অভিযানে পুলিশ দুটি বালি বোঝাই ট্র্যাক্টর আটক করার পাশাপাশি এক চালককে গ্রেফতার করেছে।
কোটশিলায় পুলিশের তৎপরতায় ভেস্তে গেল বালি পাচারের ছক, ধৃত ১

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:

গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে বেআইনি বালি পাচার রুখে দিলো  কোটশিলা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে কোটশিলা থানার অন্তর্গত মাতকুমা গ্রামে। এই অভিযানে পুলিশ দুটি বালি বোঝাই ট্র্যাক্টর আটক করার পাশাপাশি এক চালককে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট খবর পেয়ে কোটশিলা থানার একটি বিশেষ দল মাতকুমা গ্রামে আচমকা হানা দেয়। অভিযান চলাকালীন পুলিশ দুটি ট্র্যাক্টর আটক করে যার মধ্যে একটি লাল রঙের মহিন্দ্রা এবং অন্যটি ধূসর রঙের আইশার ট্র্যাক্টর। প্রতিটি ট্র্যাক্টরের পেছনে থাকা ট্রলিতে আনুমানিক ১০০ কিউবিক ফিট  করে বালি বোঝাই করা ছিল। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, স্থানীয় নদীর পাড় থেকে সম্পূর্ণ বেআইনিভাবে এই বালি তুলে কোনো বৈধ নথিপত্র ছাড়াই তা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

অভিযান চলাকালীন পুলিশ ঘটনাস্থল থেকেই নিখিল কুমার নামে এক ট্র্যাক্টর চালককে হাতেনাতে গ্রেফতার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এবং অন্ধকারের সুযোগ নিয়ে বাকি অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত চালককে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল পান্ডা ও পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।