নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
বাড়ির সামনেই দাঁড় করানো ছিল মালবোঝাই পিকআপ ভ্যান। রাতের অন্ধকারে মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল গোটা গাড়িটিই। শুক্রবার সকালে ঘুম ভাঙতেই সেই দৃশ্য দেখে কার্যত হতবাক হয়ে পড়েন পরিবারের সদস্যেরা। পুরুলিয়ার জয়পুরে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়পুর আর বি বি হাই স্কুলের সামনে, পুরুলিয়া-রাঁচি রাজ্য সড়কের ধারে গাড়িটি রাখা ছিল। ঘটনাস্থলের সামনেই গাড়ির মালিকের বাড়ি। বৃহস্পতিবার রাতে পুরুলিয়া থেকে এলাকার বেশ কয়েকটি গোলদারি দোকানের মালপত্র নিয়ে ফিরেছিল পিকআপ ভ্যানটি। রাত বেশি হয়ে যাওয়ায় আর মাল খালাস করা হয়নি। তাই মাল-সহ গাড়িটি রাস্তার ধারে রেখে দেওয়া হয়েছিল।
গাড়ির মালিকের পরিবারের সদস্য গুণময় নাগ জানান, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখা যায়, যেখানে গাড়িটি রাখা ছিল সেখানে আর সেটি নেই। প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার মালপত্র ছিলো গাড়িতে। এরপরই জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। কোন পথে গাড়িটি নিয়ে যাওয়া হয়েছে। এর পিছনে কোনও সংঘবদ্ধ চক্রের হাত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
একেবারে বাড়ির সামনে থেকে মাল-সহ পিকআপ ভ্যান চুরি হয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। দ্রুত গাড়িটির সন্ধান এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা।