সাধারণ খবর শহর

নতুন গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, পুরুলিয়া শহরে আতঙ্ক

ঘটনার পর থেকে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই কলোনির বাসিন্দারা। পরিষেবা প্রদানকারী সংস্থার গাফিলতির কারণেই এই দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখতে তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ ও দমকল কর্তৃপক্ষ।
নতুন গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, পুরুলিয়া শহরে আতঙ্ক

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পাইপলাইন গ্যাস সংযোগ নিরাপদ ভেবে স্বস্তির শ্বাস ফেলেছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু সেই সংযোগই যে দিনকয়েকের মধ্যে অগ্নিকুণ্ডে পরিণত হবে, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি কেউ। নতুন পাইপলাইন ফেটে ঘরে আগুন লেগে যাওয়ার ঘটনায় তুমুল আতঙ্ক ছড়াল পুরুলিয়া শহরের জিইএল চার্চ সংলগ্ন কলোনি এলাকায়। বরাতজোরে প্রাণ রক্ষা পেল গোটা পরিবারের।

স্থানীয় সূত্রে খবর, মাত্র এক সপ্তাহ আগে ওই বাড়িতে নতুন গ্যাসের পাইপলাইন সংযোগ দেওয়া হয়েছিল। কিন্তু রবিবার হঠাৎই রান্নাঘরের মূল পাইপলাইন ফেটে গলগল করে গ্যাস বের হতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে দাউদাও করে আগুন ধরে যায়। উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে পরিবারের এক মহিলা সদস্য ভিজে কম্বল চাপা দিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় শেষ পর্যন্ত দমকল ও স্থানীয় থানায় খবর দেওয়া হয়। খবর পেয়েই দ্রুত অকুস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও পুলিশ বাহিনী। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুরো এলাকা ও পরিবারের সদস্যদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রশাসন ও সরবরাহকারী সংস্থার পরিকাঠামো নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। পাইপলাইনের গুণমান এবং কর্মীদের অসতর্কতা নিয়েই উঠছে বড় প্রশ্ন। এই ঘটনা প্রসঙ্গে ভুক্তভোগী পরিবারের সদস্য অপরূপা গোপ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,
"এই পাইপলাইনের গ্যাস সংযোগ একেবারেই নিরাপদ নয়। যেভাবে এক সপ্তাহের মধ্যে পাইপ ফেটে আগুন লাগল, তাতে যে কোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত! হঠাৎ এমন বিপদ হলে কীভাবে সামলাতে হয়, সে বিষয়ে বাসিন্দাদের আগে সঠিক প্রশিক্ষণ দেওয়া উচিত। ট্রেনিং না দিয়ে এভাবে বিপজ্জনক সংযোগ দিয়ে দেওয়া একেবারেই অনুচিত।"

ঘটনার পর থেকে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই কলোনির বাসিন্দারা। পরিষেবা প্রদানকারী সংস্থার গাফিলতির কারণেই এই দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখতে তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ ও দমকল কর্তৃপক্ষ।