নিজস্ব প্রতিনিধি, কাশিপুর;
ডিজিটাল দুনিয়ায় এবার খোদ জনপ্রতিনিধির সাইবার নিরাপত্তায় থাবা বসাল হ্যাকাররা। প্রতারণার ফাঁদ পেতে কাশিপুরের বিজেপি বিধায়ক কমলাকান্ত হাঁসদার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। তবে হ্যাকারদের পাতা সেই জাল আদ্রা থানার পুলিশ ও সাইবার বিশেষজ্ঞদের তৎপরতায় ছিন্ন করা সম্ভব হয়েছে।
বিধায়ক জানান, "হঠাৎই আমার ফোনে একটি বার্তা আসে যে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্য একটি ডিভাইসে লগ-ইন করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই হ্যাকাররা আমার অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপরই শুরু হয় প্রতারণার খেলা। এই অ্যাকাউন্ট থেকে আমার পরিচিতদের কাছে 'জরুরি প্রয়োজন' দেখিয়ে টাকা দাবি করে মেসেজ পাঠানো হতে থাকে"।
তিনি আরও বলেন, তবে হ্যাকারদের একটি ভুলই তাদের আসল রূপ সাধারণ মানুষের সামনে প্রকাশ করে দেয়। বিধায়ক সাধারণত তাঁর পরিচিত মহলে বাংলা বা ইংরেজিতেই বার্তালাপ করেন। কিন্তু হ্যাকাররা টাকা চেয়ে মেসেজগুলো পাঠাচ্ছিল হিন্দি ভাষায়। হঠাৎ বিধায়কের অ্যাকাউন্ট থেকে হিন্দি মেসেজ এবং টাকার দাবি দেখে স্বাভাবিকভাবেই সন্দেহ হয় তাঁর পরিচিতদের। " আমি চা খেতে চাইনি কারও কাছে,আর টাকা চাইব?" বলেন কমলাকান্ত।
অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পেরেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে আদ্রা থানার পুলিশের দ্বারস্থ হন বিধায়ক কমলাকান্ত হাঁসদা। পুলিশ প্রশাসন ও সাইবার ক্রাইম শাখার বিশেষজ্ঞরা যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন। প্রায় ২ ঘণ্টার টানা প্রচেষ্টার পর অবশেষে হ্যাকারদের কবল থেকে অ্যাকাউন্টটি সম্পূর্ণ উদ্ধার করতে সফল হন তাঁরা।
হোয়াটসঅ্যাপ আনইন্সটল করে পুনরায় অ্যাকাউন্ট খোলেন বিধায়ক।