রাজনীতি ব্লক

অনাস্থার ডাকে তৃণমূলের হাতছাড়া হতে চলেছে ঝালদা ২ নং পঞ্চায়েত সমিতিও?

পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ সাও বলেন, "গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনা না করে সভাপতি দীপক সিং ধারাবাহিকভাবে একক সিদ্ধান্তে কাজকর্ম চালাচ্ছেন। মোট ১৬ জন সদস্য একজোট হয়ে অনাস্থা এনেছি। আমাদের পাশে আরও কয়েকজন সদস্য রয়েছেন, তাই আগামী দিনে এই সমর্থনে সদস্য সংখ্যা আরও বাড়বে।"
অনাস্থার ডাকে তৃণমূলের হাতছাড়া হতে চলেছে ঝালদা ২ নং পঞ্চায়েত সমিতিও?

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:


অনাস্থার ডাকে তৃণমূলের হাতছাড়া হতে চলেছে ঝালদা ২ নং পঞ্চায়েত সমিতিও? পঞ্চায়েত সমিতির অভ্যন্তরীণ ক্ষোভ এবার প্রকাশ্যে। চরম অস্বস্তিতে ঝালদা-২ নম্বর পঞ্চায়েত সমিতির নেতৃত্ব। সভাপতি একচ্ছত্র সিদ্ধান্ত ও একক কর্তৃত্ব চালাচ্ছেন। এমন অভিযোগে তাঁর অপসারণ চেয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন সমিতির সদস্যদের একাংশ। শুক্রবার পুরুলিয়ার ঝালদা মহকুমা শাসকের দপ্তরে অনাস্থা প্রস্তাবের চিঠি জমা দেওয়া হয়।

পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ সাও বলেন,
"গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনা না করে সভাপতি দীপক সিং  ধারাবাহিকভাবে একক সিদ্ধান্তে কাজকর্ম চালাচ্ছেন। তাঁর কথায়, "পঞ্চায়েত সমিতিতে ২৬ জন সদস্যের মধ্যে তৃণমূলের ৮ জন, কংগ্রেসের ৬ জন এবং নির্দলের ২ জন—মোট ১৬ জন সদস্য একজোট হয়ে অনাস্থা এনেছি। আমাদের পাশে আরও কয়েকজন সদস্য রয়েছেন, তাই আগামী দিনে এই সমর্থনে সদস্য সংখ্যা আরও বাড়বে।"
 

ঝালদা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক সিং বলেন, "এই ধরনের কোনও খবরের বিষয়ে আমার কাছে জানা নেই।"

প্রশাসনের কাছে চিঠি জমা পড়ার পর এবার প্রশাসনিক পদক্ষেপ ও আইনি প্রক্রিয়ার দিকেই নজর রাখছে সমস্ত শিবির।