ক্রাইম ব্লক

বিড়ি বাঁধতে জানে না বলে জয়পুরে এক গৃহবধূকে খু*নের অভিযোগ, গ্রেফতার ৩

ওই এলাকায় অনেকে মহিলাই বিড়ি বেঁধে টাকা উপার্জন করেন। তবে পূজা ওই কাজ না জানায় সে করতে পারেনি ফলে তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু হয় বলে দাবি।
বিড়ি বাঁধতে জানে না বলে জয়পুরে এক গৃহবধূকে খু*নের অভিযোগ, গ্রেফতার ৩

 

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :


এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। পুলিশ জানায়, মৃতার নাম পূজা গঁরাই(২০) । তার বাড়ি জয়পুর থানার মুকুন্দপুর গ্রামে। মঙ্গলবার বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় । পুলিশ দেহটি উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার মৃতার বাবা জয়পুর থানায় মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্বামী ,শ্বশুর ও শাশুড়িকে রাতেই গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতরা হলো স্বামী জিতেন গঁরাই , শ্বশুর অজিত গরাঁই ও শাশুড়ি তুলসী গঁরাই। তাদের বাড়ি জয়পুর থানার মুকুন্দপুর গ্রামে। বুধবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে  জিতেনের ২ দিনের ও বাকি দুজনের  ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

অভিযোগকারীর দাবি , ২০২৫ সালের ৫ জুলাই পূজার সঙ্গে জিতেনের সামাজিক ভাবে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পরে সে রান্না জানে না, ঘরের কাজ জানেনা,  বিড়ি বাঁধতে জানে না — এইসব বলে শ্বশুরবাড়ির লোকজন গঞ্জনা দিতে শুরু করে। ওই এলাকায় অনেকে মহিলাই বিড়ি বেঁধে টাকা উপার্জন করেন। তবে পূজা ওই কাজ না জানায় সে করতে পারেনি ফলে তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু হয় বলে দাবি। সঞ্জিত বাবু পুলিশকে আরও জানিয়েছেন সোমবার রাতে তার মেয়ে তাকে ফোন করে সাংসারিক ঝামেলার কথা জানায়। এই অত্যাচার থেকে বাঁচতে তাকে বাপের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে। সেই মতো মঙ্গলবার  সঞ্জিত বাবু বেয়াই অজিত গরাঁইকে ফোন করে মেয়েকে কয়েক দিনের জন্য নিয়ে আসার কথা বলেন। তবে তার কথায় রাজি না হয়ে পূজা শ্বশুরবাড়িতে ভালোই আছে বলে জানানো হয়। এর কিছুক্ষণ পরেই সঞ্জিত বাবু খবর পান শ্বশুরবাড়ির মধ্যে তার মেয়েকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। বাপের বাড়ির লোকজন আসার পর তারা জয়পুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ওই বধূর মৃতদেহ দেখতে পান। অভিযোগকারীর দাবি তার মেয়েকে শ্বাসরোধ করে খুনের পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে বধূ নির্যাতন ও খুনের মামলা রুজু করে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।